গিনেস রেকর্ডসে ‘ধুরন্ধর’-এর র্যাপার ফ্লিপারাচি

গত বছরের শেষ দিকে ‘ধুরন্ধর’ দিয়ে মূলত শোরগোল ফেলে দেয় বলিউড। রণবীর সিংয়ের দুরন্ত স্পাই-অ্যাডভেঞ্চার সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। একই সঙ্গে নজর কেড়েছিল এই ছবির ‘এফএ৯এলএ’ গান। গানটি সামাজিকমাধ্যমে এতটাই ভাইরাল হয় যে, যেদিকে যায় সেদিকেই শোনা যায়। এখনো গানটির আবেদন তুঙ্গে। অক্ষয় খান্নার আইকনিক নাচ গানের সুরকে করে তোলে প্রাণবন্ত।
ধুরন্ধরের সেই ‘এফএ৯এলএ’ গানটি গেয়েছিলেন বাহরাইনের র্যাপার হুসাম অসীম, যিনি ফ্লিপারাচি নামেই পরিচিত। অক্ষয় খান্নার আইকনিক অঙ্গভঙ্গি ও নাচের পেছনে চাপা পড়ে যায় ফ্লিপারাচির গায়কি ঢং। তবে গানটি র্যাপার ফ্লিপারাচি গেয়েছিলেন ২০২৪ সালে, যা গত বছর আদিত্য ধর তার ‘ধুরন্ধর’ সিনেমায় ব্যবহার করেন। সিনেমার সাফল্যের পাশাপাশি গানটিও পরিণত হয় ট্রেন্ডে। বিশ্বব্যাপী পরিচিতি পায় ‘এফএ৯এলএ’ এবং ফ্লিপারাচি নিজেও। বিশেষ করে ধুরন্ধর মুক্তির পরই গানটি জনমানসে রীতিমতো সাড়া ফেলে। ভাইরাল গানে বহু মানুষ রিল বানান। রণবীর সিং, সারা অর্জুন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত অভিনীত ছবির এই গানের কারণেই ভারতেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান বাহরাইনের এই র্যাপার।
‘এফএ৯এলএ’ গানটি এ মুহূর্তে বিলবোর্ড চার্টের শীর্ষে রয়েছে। আরব বিলবোর্ড এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আরবের টিমের তরফ থেকে একটি ভিডিও পোস্টে জানানো হয়, ‘ধুরন্ধর’ সিনেমায় ফ্লিপারাচির ‘এফএ৯এলএ’ গানটি আরব বিলবোর্ডের চারটি ভিন্ন চার্টে শীর্ষে রয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে যারপরনাই খুশি গায়ক ও সিনেমার পুরো টিম। ফ্লিপারাচির মতে, গানের ভুবনে ও সুরের ভুবনে এটি একটি ‘মাইলস্টোন’।
গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ বক্স অফিস থেকে ১২০০ কোটি টাকা তুলে নেয়। এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ মুক্তি পেতে যাচ্ছে আগামী মার্চে। ভারতীয় গুপ্তচর হামজার চরিত্রে রণবীরের অনবদ্য অভিনয় সাড়া জাগায়। সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সেও দেখা যাচ্ছে।
আগামী ১৪ মার্চ থেকে ‘এফএ৯এলএ’ গানের র্যাপার ফ্লিপারাচি ভারত সফর শুরু হচ্ছে। বেঙ্গালুরুসহ বেশ কয়েকটি জায়গায় তিনি পারফর্ম করবেন।