প্রেমিকাসহ বিক্ষোভে আটক ইমরান খানের বিরুদ্ধে মামলা

ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। এবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। একই ঘটনায় আটক হওয়া আরও কয়েকজনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইমরান। দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, গাওদেবী থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি নির্দেশ অমান্য, অন্যায়ভাবে কাউকে বাধা দেওয়া এবং বেআইনি জমায়েতসংক্রান্ত অভিযোগ। এ ঘটনায় পুলিশের সদস্যরাই অভিযোগকারী হিসেবে রয়েছেন।
আটক হওয়ার পর পুলিশের ভেতরে বসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইমরান। ছবির সঙ্গে রসিকতা করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি!’ পরে পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতেও দেখা যায় অভিনেতাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্য একটি ভিডিওতে নিজের আটকের অভিজ্ঞতা তুলে ধরে ইমরান জানান, কেন তাদের আটক করা হয়েছে, তা তিনি বুঝতে পারেননি। তার ভাষ্য, পুলিশ তাদের রাস্তা থেকে তুলে ভ্যানে উঠতে বলে। পরে তাকে ও অন্যদের প্রায় দুই ঘণ্টা পুলিশের ভ্যানে ঘোরানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়ার আগে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ইমরান। কোনো নির্দিষ্ট দাবি কিংবা রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, বরং মুম্বাইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই প্রতিবাদে যোগ দিয়েছেন বলে জানান তিনি। ইমরান বলেন, তার বিশেষ কোনো দাবি নেই। তিনি কোনো সংগঠনের সদস্যও নন। ফলে কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে সেখানে যাননি।
অভিনেতার বক্তব্যে উঠে আসে চলাচলের স্বাধীনতা এবং সাধারণ মানুষের মতপ্রকাশের সুযোগ নিয়ে উদ্বেগের কথাও। তার মতে, একজন নাগরিক হিসেবে এসব বিষয়ে কী ঘটছে, তা জানতে এবং প্রতিবাদে শামিল হতেই তিনি সেখানে গিয়েছিলেন।
ইমরানের সঙ্গে বিক্ষোভস্থল থেকে আটক করা হয় তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং কাজিন জেন মেরি খানকেও। আটকের পর তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
পরে কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে আটকের ঘটনা শেষ পর্যন্ত আইনি পদক্ষেপে গড়াল। বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় ইমরানসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।
সূত্র: আনন্দবাজার