ওয়েব সিরিজ হবে শাহরুখের ‘কাভি আলবিদা না কেহনা’

বলিউড ইন্ডাস্ট্রিতে চলছে এখন নানা পরীক্ষা-নিরীক্ষা। যুগের পরিবর্তনে বদল আসছে দর্শকদের রুচি-আগ্রহে। সেই পরিবর্তনের আভাস দিয়ে নতুনত্ব আনছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। শাহরুখ খানের দর্শকপ্রিয় সিনেমা 'কাভি আলবিদা না কেহনা'-কে দর্শকের সামনে তিনি হাজির করতে যাচ্ছেন ওয়েব সিরিজ হিসেবে। খবরটি নিশ্চিত করেছেন করণ জোহর নিজেই।
২০০৬ সালে 'কাভি আলবিদা না কেহনা' বক্স অফিসে সাড়া জাগায়। একই সঙ্গে সিনে-সমালোচকদেরও প্রশংসায় ভাসে রোমান্টিক ড্রামা সিনেমাটি। শাহরুখ খানের সঙ্গে সিনেমাটিতে আবেগি অভিনয় করে নজর কাড়েন রানী মুখার্জি, প্রীতি জিনতা ও অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর সিনেমাটি নিয়ে ফের কাজ করবেন বলে জানান।
সংবাদমাধ্যম ‘দ্য উইক’কে করণ বলেন, ‘আমরা ঐতিহাসিক সিনেমাটিকে দীর্ঘ ধারাবাহিকে রূপান্তরিত করছি। ২০০৬ সালে যখন এটি মুক্তি পায় তখন কাহিনির মূল ভিত্তি নিয়ে জনমত গভীরভাবে বিভক্ত ছিল। এবার সেই বিভক্তি মেটানোর চেষ্টা করব।’
একই সঙ্গে 'কাভি আলবিদা না কেহনা'র ওয়েব সিরিজ নির্মাণ নিশ্চিত করে করণ বলেন, ‘আমাদের সিরিজটি একটি দীর্ঘ দৈর্ঘ্যের শো হবে। এর বিস্তারিত পরে জানাব। তবে, আমি অবশ্যই বলতে পারি যে, এটি খুব শিগগির মুক্তি পাবে।’
বিবাহবহির্ভূত কিছু সম্পর্কে বন্ধুত্বের পাশাপাশি সত্য-মিথ্যার ছায়া আবদ্ধ থাকে। সেসব কেউই সামনে আনতে পারে না। এভাবেই এক রোমান্টিক আবেগি বার্তা দেয় সিনেমাটি।
'কাভি আলবিদা না কেহনা' পরিচালনা করেছিলেন করণ জোহর এবং প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস।