‘কারা’র পরিচালকের প্রতি মুগ্ধতা প্রকাশ ধানুশের

তামিল সিনেমার অন্যতম সেরা অভিনেতা ধানুশ প্রকাশ্যেই জিনিয়াস বললেন প্রখ্যাত পরিচালক বিঘ্নেশ রাজাকে। আর মাত্র দুই সপ্তাহ পরই আসছে সুপারস্টার অভিনেতা ধানুশ ও বিঘ্নেশ জুটির ‘কারা’। এর আগে পরিচালকের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করলেন অভিনেতা।
দক্ষিণী তারকা ধানুশ সামাজিকমাধ্যমে খুব একটা সক্রিয় নন। তিনি নেটপাড়া থেকে কিছুটা আড়ালে থাকতেই পছন্দ করেন। তবে এবার এক্স হ্যান্ডেলে বিরল পোস্টে লিখেছেন, “বিঘ্নেশ রাজা— আপনি জিনিয়াস। ‘কারা’-র জন্য ধন্যবাদ।” ধন্যবাদ জানিয়ে ‘পোর থোঝিল’ নির্মাতাও জবাব দেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ স্যার।’
‘কারা’ সংশ্লিষ্ট নির্মাতা জানিয়েছিলেন যে, সিনেমাটির প্রেক্ষাপট ১৯৯১ সালের রামানাথাপুরাম। সে সময় ইরাক ও যুক্তরাষ্ট্র তীব্র যুদ্ধে লিপ্ত ছিল। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ড ঘটে। প্রভাব পড়ে বহু দূরে থাকা এক মফস্বলে। এই জটিলতা ঘিরেই গড়ে উঠেছে সিনেমার কাহিনি। সূত্র: সিনেমা এক্সপ্রেস
ধানুশ ছাড়াও ‘কারা’ সিনেমায় অভিনয় করেছেন মামিতা বাইজু, কে এস রবিকুমার, সুরজ ভেঞ্জারামুডু, করুণাস ও জয়রাম। ‘পোর থোঝিল’-এর সহ-লেখক আলফ্রেড প্রকাশের চিত্রনাট্যে নির্মিত সাসপেন্স থ্রিলারটি আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
গভীর আবেগের সঙ্গে আকর্ষণীয় গল্পের মিশ্রণ ঘটা সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। ধানুশ সব সময় তার শক্তিশালী ও আবেগি অভিনয় দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন। আসন্ন সিনেমায়ও তেমনটা হবে বলে আশাবাদী সবাই।