আইসিইউতে অভিনেতা ঈশ্বর ঠাকুর, চিকিৎসার খরচে সঞ্চয় শেষ

হাসির চরিত্রে টেলিভিশনের দর্শকদের বিনোদন দিয়েছেন বহু বছর। জনপ্রিয় সেই অভিনেতা ঈশ্বর ঠাকুর এবার নিজেই কঠিন সময় পার করছেন। গুরুতর অসুস্থ হয়ে মহারাষ্ট্রের থানেতে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ‘এফআইআর’ ও ‘ভাভিজি ঘর পার হ্যায়’-খ্যাত এই অভিনেতা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি।
ঈশ্বরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তার বোন জয়শ্রী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন আগে হঠাৎ করেই তার অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার পর থেকে তিনি আর সাড়া দিচ্ছেন না।
জয়শ্রীর ভাষ্য অনুযায়ী, ঈশ্বরের পায়ের একটি পুরোনো ক্ষত থেকেই সংক্রমণের সূত্রপাত। ২০২০ সালে ওই ক্ষত তৈরি হয়েছিল। ঈশ্বর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় ক্ষতটি স্বাভাবিকভাবে শুকায়নি। পরে সেখানকার সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরের অন্য অংশে এবং একপর্যায়ে কিডনিতেও গুরুতর সংক্রমণ দেখা দেয়। পরিস্থিতি সংকটজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন।
বুধবার ঈশ্বরের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা প্রকাশ করেন তার বোন। সেখানে তিনি ভাইয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানান। জয়শ্রী জানান, এখন পর্যন্ত চিকিৎসা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন খরচ মেটাতে পরিবারের সঞ্চয়ের প্রায় সবটাই শেষ হয়ে গেছে। সামনে চিকিৎসা চালিয়ে নেওয়ার ব্যয় বহন করাই তাদের জন্য বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এক সাক্ষাৎকারে জয়শ্রী বলেন, ঈশ্বরের পায়ের ক্ষতটি তৈরি হওয়ার পর থেকেই নানা জটিলতা শুরু হয়। দুই থেকে তিন দিন আগে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি আর সাড়া দিচ্ছেন না।
ঈশ্বর ঠাকুর হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। ‘এফআইআর’-এ গোলু চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। পরে ‘ভাভিজি ঘর পার হ্যায়’-এ অনুরাগ চরিত্রেও অভিনয় করেন। এ ছাড়া ‘মে আই কাম ইন ম্যাডাম?’ ও ‘জিজাজি ছাত পার হ্যায়’-এর মতো ধারাবাহিকেও দেখা গেছে তাকে।
এর আগেও শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেতাকে। ২০২৩ সালে কিডনিসংক্রান্ত সমস্যার পাশাপাশি আর্থিক দুরবস্থার কথা জানিয়েছিলেন তিনি। সে সময় ‘ভাভিজি ঘর পার হ্যায়!’-এর সহশিল্পীরাও তার চিকিৎসায় আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছিলেন বলে জানা যায়।
এবারও ভাইয়ের চিকিৎসা চালিয়ে যেতে সহায়তার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন জয়শ্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস