ওটিটিতে এ সপ্তাহের জমজমাট বিনোদন

ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে এ সপ্তাহে বেশকিছু সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমা, টিভি শো এবং ভিডিও কনটেন্ট সাধারণের মাঝে সহজে পৌঁছে দেওয়ার এই ডিজিটাল পরিষেবায় বছরের শুরু থেকেই বিভিন্ন ক্যাটাগরির সিনেমা ও সিরিজ দর্শকরা উপভোগ করেছেন। রহস্যে ভরা সিরিজ, হরর কমেডি—এ সপ্তাহে দর্শকের হৃদয় আন্দোলিত করার জন্য সবই থাকছে। একনজরে দেখে নেওয়া যাক সপ্তাহান্তে কী কী আসছে ওটিটিতে—
দ্য লিংকন লইয়ার (সিজন ৪)
২০০৮ সালের বিখ্যাত লেখক মাইকেল কনেলির ‘দ্য ব্রাস ভার্ডিক্টের’ ওপর ভিত্তি করে নির্মিত হয় দ্য লিংকন লইয়ার। এই সিরিজটির চতুর্থ সিজন আসছে এই সপ্তাহে। আইনি থ্রিলারপ্রেমীদের জন্য আবারও এক জটিল ধাঁধা নিয়ে হাজির হচ্ছে সিরিজের চতুর্থ কিস্তি। প্রথম তিনটি সিজনই প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের। নতুন সিজনে রয়েছে মোট ১০ পর্ব। আগের সিজনের শেষ মুহূর্তে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মিকি হলার। এবার দেখা যাবে, সেই মামলা ও আইনি লড়াইয়ের জটিল গল্প। ৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি। ইংরেজি ভাষায় নির্মিত সিরিজটিতে অভিনয় করবেন ম্যানুয়েল গার্সিয়া, নেভ ক্যাম্পবেল, বেবি নিউটন প্রমুখ।
দ্য রাজা সাব
বড় পর্দায় মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়ে ৪০০ কোটি রুপির ‘দ্য রাজা সাব’। যেখানে অভিনয় করেন দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলি’ খ্যাত প্রভাস। এবার তেলেগু এ সিনেমাটি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। একজন আলঝেইমার রোগী ও তাকে দেখাশোনা করা রাজা সাবের সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। মুক্তির পর হরর-কমেডি সিনেমাটি নিয়ে শোরগোল বাধে। বেশ কিছু জায়গায় দেখা দেয় নানা সমালোচনা। ‘দ্য রাজা সাব’-এ প্রভাসের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল ও মালবিকা মোহনন। ৬ ফেব্রুয়ারি জিয়ো হটস্টারে মুক্তি পাবে ছবিটি।
পরাশক্তি
ভারতীয় তামিল ভাষার রাজনৈতিক অ্যাকশন ড্রামা ‘পরাশক্তি’ মুক্তির পরই তৈরি হয়েছিল বিতর্ক। সুধা কোঙ্গারা পরিচালিত ও শিবকার্তিকেয়ন অভিনীত ‘পরাশক্তি’ মূলত নির্মিত হয়েছে রাজনৈতিক বৈরিতায় সৃষ্ট দুই ভাইয়ের মতপার্থক্যের গল্প ঘিরে। শেষে দুই ভাইয়ের বিপরীত পথগুলো একত্রিত হয়ে একটি পথে এসে মিলে যায়। তবে মূল বিতর্ক হয় ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঘিরে। অভিযোগ, নেতিবাচকভাবে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। এবার সেই বিতর্কিত সিনেমাটি ওটিটিতে দেখা যাবে ৭ ফেব্রুয়ারি। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে ‘পরাশক্তি’।
কোহরা (সিজন ২)
২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘কোহরা’। পাঞ্জাবের একটি গ্রামে এক খুনের রহস্য সমাধানের সেই টানটান গল্প দর্শকদের মুগ্ধ করেছিল। প্রথম সিজনের সাফল্যের পর ফের ফিরছে রহস্যময় সিরিজ ‘কোহরা (সিজন ২)’। এই সিরিজের নতুন সিজনেও থাকছে টানটান থ্রিল। প্রথম সিজনে পুলিশের চরিত্রে বরুণ সোবতির অনবদ্য অভিনয় এখন দর্শকহৃদয়ে গেঁথে আছে। এবারের সিজনে বড় চমক হলো ভার্সেটাইল অভিনেত্রী মোনা সিং। তারা ছাড়াও রণবিজয় সিংহ, পূজা ভামরাহ ও অনুরাগ অরোরা অভিনীত এই সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পাবে ১১ ফেব্রুয়ারি, নেটফ্লিক্সে।
দ্য কনজিউরিং: লাস্ট রাইটস
আমেরিকান অতিপ্রাকৃত হরর সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজিউরিং‘ ইউনিভার্সের চতুর্থ ও প্রধান সিরিজের সর্বশেষ কিস্তি ওটিটিতে আসবে ১৩ ফেব্রুয়ারি। আগের সিনেমাগুলোর মতোই শেষ কিস্তি ‘দ্য কনজিউরিং: লাস্ট রাইটস’ নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সুপারন্যাচারাল এই সিনেমাটি ছিল অন্যতম সফল ও বহুল আলোচিত। মাইকেল শ্যাভস পরিচালিত এই স্লো-বার্ন হরর মুভিটি দর্শকদের জন্য একটি ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আসবে নিশ্চিত। জিও হটস্টারে মুক্তি পাবে সিনেমাটি।



