একের পর এক কমেডি সিনেমায় রাজপাল

বলিউড অভিনেতা রাজপাল যাদব তার আসন্ন একাধিক সিনেমা নিয়ে নতুন আপডেট দিয়েছেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ‘ভূত বাংলো’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’সহ অন্যান্য প্রজেক্ট নিয়ে কথা বলেন। খবর: পিঙ্কভিলা
রাজপাল যাদব জানান, অক্ষয় কুমারের সঙ্গে তার অভিনীত ‘ভূত বাংলো’ আজ ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে। এর আগে ১৬ এপ্রিল থেকে ছবিটির পেইড প্রিমিয়ার শুরু হয়। প্রিয়দর্শন পরিচালিত এ সিনেমাটি একটি হরর-কমেডি, যেখানে মনস্তাত্ত্বিক উপাদানও রয়েছে।
‘হেরা ফেরি ৩’ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি জানান, ছবিটি একটি ব্যতিক্রমধর্মী বিনোদনমূলক কাজ, যেখানে ২৭ জন অভিনেতার বিশাল সমাবেশ থাকবে। তার ভাষায়, গত ২০ বছরে এমন বড় কাস্ট খুব কমই দেখা গেছে।
তিনি আরও জানান, আহমেদ খান পরিচালিত ও ফিরোজ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রায় দুই মাসের মধ্যেই মুক্তি পেতে পারে। এর পর দর্শকরা ‘হৈওয়ান’ সিনেমাটিও দেখতে পাবেন।
এ ছাড়া ‘পুলিশ স্টেশন মে ভূত’ নামের আরেকটি ছবির কথাও উল্লেখ করেন রাজপাল যাদব। তার মতে, এই ছবির মাধ্যমে পরিচালক রাম গোপাল ভার্মার শক্তিশালী প্রত্যাবর্তন ঘটতে পারে।
সাক্ষাৎকারের তিনি আরও জানান, সময়ের সঙ্গে ভারতীয় সিনেমার মান ও বাজার—দুটিই বিস্তৃত হয়েছে। বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বাড়ছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘ভূত বাংলো’ ছবিতে রাজপাল যাদবের পাশাপাশি পরেশ রাওয়াল, জিশু সেনগুপ্ত, তাবু, ওয়ামিকা গাব্বি এবং মনোজ জোশী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।