logo

নোরার নামে ফতোয়া জারি উত্তরপ্রদেশে

নোরার নামে ফতোয়া জারি উত্তরপ্রদেশে

চরম আপত্তিকর ও ধর্মীয় শিক্ষার পরিপন্থি জানিয়ে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে এবার ফতোয়া জারি করলেন আলিগড়ের এক ধর্মীয় সংস্থার মুফতি। একের পর এক বিতর্ক চলছে নোরার ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে।

সম্প্রতি মুক্তি পায় সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার বিতর্কিত আইটেম গানটি। গানের অশ্লীল কথার সঙ্গে এতে দেখা গেছে নোরা ফাতেহির কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি। মুক্তির পরই সামাজিকমাধ্যমে ভর্ৎসনা শুরু হয়। পরে গানটি নিষিদ্ধ করার পাশাপাশি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। এবার ক্ষমা চাওয়ার পরও নোরার নামে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের আলিগড়ের এক ধর্মীয় সংস্থার মুফতি।

গানটির কথা নিয়ে তীব্র সমালোচনা করে ধর্মীয় সংস্থাটি জানিয়েছে, ‘সরকে চুনর তেরি সরকে’ গানটিতে এমন বিষয়বস্তু রয়েছে, যা অত্যন্ত আপত্তিকর এবং ধর্মীয় শিক্ষার পরিপন্থি।

সংস্থার প্রধান মুফতি মওলানা ইব্রাহিম হুসেইন এ ফতোয়াটি জারি করেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের বিষয়বস্তু হারাম এবং গুরুতর পাপ, যা কবিরাহ গুনাহ।’

ফতোয়ার অর্থ হলো ধর্মীয় আইন। ধর্মীয় আইনি বিশেষজ্ঞকে মুফতি বলা হয়। এই ফতোয়া নির্দিষ্ট বিষয়ে প্রদত্ত একটি অ-বাধ্যতামূলক আইনি মতামত। এটি রাষ্ট্রকর্তৃক আইনে বলবৎযোগ্য নয়।