ঈদুল ফিতরে দেখা যাবে ইকবালের ‘নসিব’

সিনেমায় ব্যস্ততা বাড়ছে নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালের। বছরের মাঝামাঝিতে ঘটা করে তারকাবহুল ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত করেন তিনি, যার শুটিং নভেম্বরের শুরুতে শুরু করবেন। এর মাঝেই আরও একটি নতুন সিনেমার খবর দিলেন এই নির্মাতা। নাম ‘নসিব’।
নিজের নতুন এই সিনেমা নিয়ে ইকবাল এশিয়া পোস্টকে বলেন, ‘আমি সবসময় দর্শকদের নতুন কিছু দিতে ভালোবাসি। এবারও তার ব্যতিক্রম হবে না। গল্পের পাশাপাশি নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে দর্শক।’
ইকবাল এবং তার টিম এই সিনেমার জন্য ২৪ ঘণ্টা পরিশ্রম করছেন। তিনি নিজেও সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন। এ বিষয়ে নির্মাতা আরও বলেন, ‘ভালোবাসা ও অ্যাকশনে ভরপুর গল্পে এটি নির্মাণ করা হচ্ছে। শুটিং করতে গিয়ে এরই মধ্যে আমাদের টিমের একজন আইসিইউতে চলে যায়, আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। কারণ নিজেদের জায়গা থেকে সবাই সর্বোচ্চ উজার করে দিচ্ছে আর আমরা ২৪ ঘণ্টা সিনেমাটি নিয়েই আছি। সবশেষ এটি এফডিসি ধাঁচের সিনেমা তৈরি করা হচ্ছে।’
সিনেমার প্রধান দুই চরিত্র নিয়ে নির্মাতা এখনও কিছু নিশ্চিত করেননি। শুধু জানিয়েছেন, ঈদুল ফিতরে ‘নসিব’ মুক্তি পেতে যাচ্ছে। এটি প্রযোজনা করছেন ইন্ডাস্ট্রির সফল প্রযোজক আরশাদ আদনান।