logo

জঙ্গলে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ভয় পেয়েছিলেন রণবীর

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
জঙ্গলে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ভয় পেয়েছিলেন রণবীর
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের সময়কার মুহূর্ত। ছবি: ব্লুমবার্গ

আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে রণবীর কাপুরের কাছে। তবে সেই রোমান্টিক মুহূর্তে শুধু আলিয়াই ছিলেন না, আশপাশে ছিল আরও তিন অতিথি। কেনিয়ার জঙ্গলে তাদের থেকে মাত্র ১০০ ফুট দূরে অবস্থান করছিল তিনটি সিংহ। সম্প্রতি অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন বলিউড অভিনেতা।

রণবীরের ভাষায়, সামনে ছিলেন তার ‘সিংহী’ আলিয়া, আর তিনি নিজে ছিলেন ইঁদুরের মতো। বিয়ের প্রস্তাব দেওয়ার সেই মুহূর্তে কী ঘটেছিল, তা অনুষ্ঠানে মজার ছলেই তুলে ধরেন অভিনেতা।

২০২২ সালে কেনিয়ার মাসাই মারা ভ্রমণে গিয়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন রণবীর। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আগে থেকেই সব ব্যবস্থা করেছিলেন তিনি। সঙ্গে নিয়েছিলেন আংটি। এমনকি তাদের গাইড ও গাড়িচালককেও আগাম জানিয়ে রেখেছিলেন নিজের পরিকল্পনার কথা।

রণবীর জানান, গাইড ও গাড়িচালককে বকশিশ দিয়ে জঙ্গলের মাঝামাঝি কোনো জায়গায় গাড়ি থামাতে বলেছিলেন তিনি। এরপর এক হাঁটু গেড়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেবেন, আর তারা দূর থেকে সেই মুহূর্তের ছবি তুলে রাখবেন এমনটাই ছিল পরিকল্পনা।

অভিনেতার কথায়, আলিয়া ছবি তুলতে ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করার বিষয়টিও তার পছন্দের। তাই বিয়ের প্রস্তাবের মুহূর্তটি ছবিতে ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন রণবীর।

সবকিছু পরিকল্পনামতো চললেও সেই রোমান্টিক মুহূর্তে ছিল অপ্রত্যাশিত এক পরিস্থিতি। রণবীর যখন হাঁটু গেড়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন, তখন তাদের থেকে প্রায় ১০০ ফুট দূরে ছিল তিনটি সিংহ।

অনুষ্ঠানে রণবীরের গল্প শুনে অমিতাভ বচ্চন মজা করে বলেন, এমন বিশেষ মুহূর্তের প্রমাণ থাকা উচিত। উত্তরে রণবীর জানান, আংটি সঙ্গে ছিল ঠিকই, কিন্তু আশপাশের পরিস্থিতি ছিল বেশ রোমাঞ্চকর।

ঘটনাটি বর্ণনা করতে গিয়ে অভিনেতা বলেন, আমার এক পাশে প্রায় ১০০ ফুট দূরে তিনটি সিংহ ছিল। আর আমার সিংহী সামনে দাঁড়িয়ে ছিল। আমি তখন ইঁদুরের মতো এক হাঁটু গেড়ে বসে বলছিলাম, ‘বেবি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

রণবীরের এই তুলনায় হাসিতে মেতে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। তবে অভিনেতার কাছে ঘটনাটি কেবল মজার স্মৃতি নয়, জীবনের অসাধারণ এক অভিজ্ঞতাও। তার মতে, এমন মুহূর্ত তিনি সবসময় মনে রাখবেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। একই বছরের ৬ নভেম্বর তাদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়েও সময় কাটান এই তারকা দম্পতি।

সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অবলম্বনে।