logo

দীর্ঘদিন পর জনসমক্ষে ক্যাটরিনা

দীর্ঘদিন পর জনসমক্ষে ক্যাটরিনা

বলিউডের 'গ্ল্যামার কুইন' ক্যাটরিনা কাইফ মা হন ২০২৫ সালের ৭ নভেম্বর। এর পর থেকেই কোনো ধরনের অনুষ্ঠান বা প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখেন নিজেকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। তার এই প্রকাশ্যে আসার ছবি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

দীর্ঘ সময় পর প্রথম জনসমক্ষে উপস্থিত হলেও তাকে আগের মতোই অসাধারণ দেখাচ্ছে। এদিন ক্যাটরিনাকে দেখা যায় তার ব্যক্তিগত গাড়ির ভেতরেই। অভিনেত্রীকে মাস্ক পরে গাড়ি চালাতে দেখা গেছে। কালো জাম্পার পরা ক্যাটরিনার চুল পনিটেল করা ছিল। মাস্কে ঢেকে থাকা সত্ত্বেও তার জ্বলজ্বলে চোখ দেখে বোঝা যাচ্ছিল মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন ক্যাটরিনা।

বলিউড লাইফে প্রকাশিত ছবিতে দেখা যায়, পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মাস্ক না খুললেও, গাড়ির ভিতর থেকেই হাত নেড়ে এবং হাসিমুখে অভিবাদন জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু জনপ্রিয় ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।

অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন বিহান। ভিকি কৌশল আদিত্য ধর পরিচালিত বিখ্যাত সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ মেজর বিহান সিং শেরগিলের চরিত্রে অভিনয় করেছিলেন। অনেকের ধারণা, সেই মনভোলানো চরিত্রের কারণেই এই সেলিব্রেটি জুটি ছেলের নাম রাখে ‘বিহান’।