ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে

দীর্ঘদিন পর আবারও বক্স অফিসের শীর্ষ আলোচনায় বলিউড অভিনেতা ইমরান হাশমি। বহু প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ দিয়ে অবশেষে চেনা রূপে ফিরলেন তিনি। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দারুণ ঝড় তুলেছে সিনেমাটি।
বিশ্বব্যাপী প্রথম দিনে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২৭ কোটি রুপিরও বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা)। শুধুমাত্র ভারতের বাজারেই সিনেমাটির প্রথম দিনের নিট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি, যা গ্রস হিসেবে প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের ব্যবসা যোগ হয়ে প্রথম দিনেই বিশ্বব্যাপী মোট সংগ্রহ ২৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
একক নায়ক বা লিড অভিনেতা হিসেবে ইমরান হাশমির পুরো ক্যারিয়ারে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহো’ সিনেমার মাধ্যমে তার সর্বোচ্চ উদ্বোধনী আয় ছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ‘আওয়ারাপন ২’ সেই রেকর্ডকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে।
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির ঝুলিতে জমেছিল ৮ কোটি রুপিরও বেশি। শুক্রবার প্রেক্ষাগৃহে প্রদর্শনী শুরু হওয়ার পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দর্শকদের বাঁধভাঙা উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক শহরের প্রেক্ষাগৃহে শুক্রবার রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছায়।
আন্তর্জাতিক বাজারে আয়ের হার কিছুটা সীমিত হলেও মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি কেন্দ্রে ভালোই সাড়া ফেলেছে সিনেমাটি। প্রথম দিনে বিশ্ববাজার থেকে ‘আওয়ারাপন ২’ সংগ্রহ করেছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।
প্রথম দিনের আয়ের হিসাব দিয়ে নতুন একটি মাইলফলকও স্পর্শ করেছেন ইমরান। মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে গেছে তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘মার্ডার’-এর মোট (লাইফটাইম) আয়কে। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ভারতে প্রায় ১৬ কোটি রুপি নিট এবং বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি রুপি গ্রস আয় করেছিল। ‘আওয়ারাপন ২’ মাত্র একদিনেই সেই ইতিহাস পেছনে ফেলেছে।
শুধু ‘মার্ডার’-ই নয়, এক দিনেই পেছনের সারিতে চলে গেছে ‘আওয়ারাপন’-এর প্রথম কিস্তির মোট আয়ও। ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তীকালে ইমরানের ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে স্থান করে নেয়। ফলে দীর্ঘ অপেক্ষার পর এই সিক্যুয়েল ঘিরে দর্শকের বাড়তি আগ্রহ ছিল দৃশ্যমান।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট। সিনেমায় ‘শিবম পণ্ডিত’ চরিত্রে আবারও পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।
সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আবেগঘন উপস্থাপনা বেশ প্রশংসা কুড়াচ্ছে।
উদ্বোধনী দিনের পর শনিবার সিনেমাটির আয় আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। উইকেন্ডে বা প্রথম সপ্তাহে এই ধারা অব্যাহত থাকলে ‘আওয়ারাপন ২’ সহজেই ১০০ কোটি রুপির ক্লাবে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে যা বাস্তবায়িত হলে ইমরান হাশমির ক্যারিয়ারে যোগ হবে অন্যতম বড় এক বাণিজ্যিক সাফল্য।



