চিকিৎসা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে এবার সানির লড়াই

ভারতের চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি নিয়ে এবার সিনেমা নির্মাণ করেছেন পরিচালক এম পদ্মকুমার। সিনেমার নাম ‘সুরইয়া: অন্ত সে আরম্ভ তক’। আগামী ২০ নভেম্বর এটি মুক্তি পাবে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। সিনেমাটির গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও রবি কিষাণ। খবর: এনডিটিভি।
সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ পেয়েছে। জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয় ১৯ অক্টোবর। ২৪ ঘণ্টা পার হতেই প্রায় ৬০ লাখ দর্শক এটি দেখেছেন।
টিজারের শুরুতেই সানি দেওলকে বলতে শোনা যায়, ‘একটি মানুষ ডাক্তারকে সৃষ্টিকর্তা মানেন। তার হাতের ওপর বিশ্বাস রেখে নিজের জীবন সঁপে দেন। সেই ডাক্তার যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তবে সে কী করবে?’ এরপরই দেখা যায়, এক অনুষ্ঠানে সানির মেয়ে নৃত্য করছেন এবং হঠাৎ অজ্ঞান হয়ে যান। এর পরই মেয়েকে নিয়ে সানির লড়াই শুরু হয়।
সিনেমাটি ২০১৮ সালের প্রশংসিত মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা ‘জোসেফ’-এর হিন্দি রিমেক।
সিনেমায় সানি দেওলকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যিনি তার মেয়ের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন এবং চিকিৎসা খাতের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নামেন। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
‘সুরইয়া’ এ বছর মুক্তি পাওয়া সানির চতুর্থ সিনেমা। বছরের শুরুতে মুক্তি পায় ‘বর্ডার-২’, ‘বাটোয়ারা ১৯৪৭’ ও ‘ইক্কা’। প্রতিটি সিনেমাতেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন এই অভিনেতা।