logo
Advertisement

সেই ভয়াবহ রাতের কথা আজও ভোলেননি সাইফ

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
সেই ভয়াবহ রাতের কথা আজও ভোলেননি সাইফ
সাইফ আলি খান। ছবি: সাইফের ফেসবুক থেকে

প্রায় এক বছর পার হলেও সেই ভয়াবহ রাতের কথা আজও ভোলেননি বলিউড অভিনেতা সাইফ আলী খান। গত বছর জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এক অনুপ্রবেশকারীর হামলার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রাতের স্মৃতিচারণ করেই আলোচনায় এসেছেন এ তারকা।

সাইফ জানান, ঘটনাটি তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এই হামলার পরই সাইফ তার ভাগ্য, নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করেছেন।

সাইফ বলেন, ‘আমি নিরাপত্তার বিষয়টি খুব একটা পছন্দ করতাম না, খোলামেলা জীবনযাপনই আমার ভালো লাগত। কিন্তু, এই ঘটনার পর আমার উপলব্ধি হয়েছে, পৃথিবীতে অনেকের অনেক কিছু আছে, আবার অনেকের কিছুই নেই। তাই ভাগ্যকে পরীক্ষা করা উচিত নয়। দরজা বন্ধ রাখতে হবে, মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে হবে এবং বুঝতে হবে আপনি কতটা সৌভাগ্যবান, আর পৃথিবীর অধিকাংশ মানুষ কতটা দুর্ভাগ্যের মধ্যে আছে।’

সেসময় হামলার শিকার হয়ে ছুরিকাঘাতে গুরুতর আহতের পর অস্ত্রোপচারও করিয়েছিলেন সাইফ। এ প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনার পর শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি।

সাইফ বলেন, ‘এটা আসলে আপনাকে ছেড়ে যায় না। আমি শুধু মনে করি, আমি কতটা ভাগ্যবান ছিলাম, কতটা কাছাকাছি চলে গিয়েছিলাম, পুরো ঘটনাটা কতটা সহিংস ছিল এবং কত দ্রুত সবকিছু ঘটেছিল।’

সে সময়ের অভিজ্ঞতা জানিয়ে এ তারকা আরও বলেন, ‘সে সময় আমার মাথায় দুটি বিষয় কাজ করছিল। একটি হলো সেই হামলার মুহূর্তটি, একই সঙ্গে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। একবার মনে হচ্ছিল এটাই হয়তো শেষ। আবার মনে হচ্ছিল আমার জীবনটা অসাধারণ ছিল।’

এই অভিজ্ঞতা শুধু নিরাপত্তাবোধেই সাইফকে সচেতন করেনি, জীবনের ক্ষণস্থায়িত্বকেও সামনে এনে দিয়েছে। খ্যাতি কিংবা তারকা পরিচয়ের বাইরে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার সৌভাগ্যকে তাই এখন আগের চেয়েও বেশি মূল্যবান মনে করছেন তিনি।