অনন্যা পান্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রুতি হাসান

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কল মি বে’-এর সাফল্যের পর এবার আসছে এর দ্বিতীয় সিজন। দর্শকদের প্রিয় চরিত্র ‘বে’ হিসেবে আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। সম্প্রতি এক অনুষ্ঠানে সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। খবর: বলিউড হাঙ্গামা
প্রথম সিজনে এক ধনী সোশ্যালাইট-ইনফ্লুয়েন্সার ‘বে’-এর গল্প দেখানো হয়, যিনি ব্যক্তিগত জীবনের সংকটের কারণে মুম্বাইয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সংগ্রামে নামেন। হাস্যরস আর নাটকীয়তায় ভরপুর এই সিরিজটি দর্শকদের বেশ সাড়া ফেলেছিল।
নতুন সিজনে ‘বে’ এবার নিজের নিউজ শো নিয়ে আরও বড় সাফল্যের পথে এগোতে প্রস্তুত। তবে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে আসছে নতুন জটিলতা। প্রাক্তন স্বামীর ফিরে আসা, বসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং এক রহস্যময় নতুন চরিত্র গল্পে যোগ করবে নতুন মাত্রা।
বিশেষ আকর্ষণ হিসেবে এবারের সিজনে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান, যিনি অনন্যা পান্ডের বোনের চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া আগের সিজনের বেশির ভাগ অভিনয়শিল্পীরাও ফিরছেন।
কলিন ডি’কুনহা পরিচালিত এই সিরিজটি প্রযোজনা করছে ধারমাটিক এন্টারটেনমেন্ট। প্রযোজক হিসেবে রয়েছেন করণ জোহর, আদার পুনাওয়ালা এবং অপূর্ব মেহতা।