রাহুলের মৃত্যুশোক সামলে ওঠার চেষ্টায় প্রিয়াঙ্কা সরকার

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুশোক সামলে উঠতে সহযোগিতা করার জন্য সবার কাছে মিনতি জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি। পাশাপাশি বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের কাছে এই কঠিন মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা কামনা করছি। একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’
রাহুলের মৃত্যুর খবর যখন অভিনেত্রী প্রিয়াঙ্কা পান, সেই সময় তিনি ‘তারকাটা’ ছবির পোস্টার শুটিংয়ে ছিলেন। খবর পেয়ে হতবিহ্বল প্রিয়াঙ্কা তড়িঘড়ি বেরিয়ে আসেন। খবরের আকস্মিকতায় মাথায় আসছিল না, তাদের ১৩ বছরের ছেলেকে কীভাবে সামলাবেন? স্বামীর হাসপাতালে যাবেন নাকি গলফগ্রিনের বাড়িতে ছেলেকে সামলাবেন—সেটা ঠিক করতেই বেশ সময় নেন। প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন, সবার আগে সামলাবেন রাহুলের মাকে। তাই দ্রুত ছুটে যান শাশুড়ির কাছে।
২০১০ সালে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাহুল। একটি ছবির সেটেই তাদের পরিচয়। ২০১৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। রাহুল-প্রিয়াঙ্কা ছেলের নাম রাখেন সহজ। বাবা রাহুলের সঙ্গে সম্প্রতি তারই পডকাস্টে দেখা গিয়েছিল সহজকে। পরে তাদের মধ্যে দেখা দেয় দাম্পত্য দূরত্বও।
রোববার দিঘার তালসারিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মর্মান্তিক এ ঘটনার পর প্রথমবার মুখ খুললেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।