logo

সালমানকে ‘খলনায়ক’ বানানোর ছক, সিনেমা ছাড়লেন সোনু মিশ্র

সালমানকে ‘খলনায়ক’ বানানোর ছক, সিনেমা ছাড়লেন সোনু মিশ্র
Salman__Sonu

বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায় ১৯৯৮ সালের যোধপুরের কৃষ্ণসার হরিণ শিকার মামলা। সেই বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে ‘কালা হিরণ: ব্যাটল অব লেগাসি’ নামে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সিনেমাটি ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার ছবির মুখ্য অভিনেতা সোনু মিশ্র প্রকাশ্য সংবাদ সম্মেলনে সিনেমাটি ছাড়ার ঘোষণা দিয়েছেন।

সোনু মিশ্রের সিনেমা ছাড়ার ঘোষণায় এ হাই-প্রোফাইল প্রজেক্টে বড়সড় ধাক্কা খেলেন প্রযোজক অমিত জানি। সোনুর দাবি, সিনেমাটির উদ্দেশ্য অত্যন্ত নেতিবাচক এবং এখানে সালমান খানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সোনু বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘আমি সালমান ভাইয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উত্তেজিত ছিলাম। কিন্তু শুটিং শুরুর পর বুঝি, এটি একটি একপক্ষীয় সিনেমা। এমনকি চুক্তিপত্রে এমন কিছু শর্ত ছিল, যা আমাকে সংবাদমাধ্যমে সালমানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে বাধ্য করত। আমি এই নোংরা প্রচারের অংশ হতে চাই না।’ সূত্র: আজকাল

অভিনেতার এই সরে দাঁড়ানো এমন এক সময়ে এলো যখন সালমান খানের আইনি দল দিল্লি হাইকোর্টে ছবিটির মুক্তি ও প্রচার নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে। আইনজীবীদের দাবি, সিনেমাটি ‘পার্সোনালিটি রাইটস’ লঙ্ঘন করছে এবং যেহেতু কৃষ্ণসার হরিণ মামলাটি এখনও আদালতের বিচারাধীন, তাই এটি মামলার রায়ে প্রভাব ফেলতে পারে। আগামী ১৯ জুন পরবর্তী শুনানিতে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোবেন।

আইনি চাপ আর মুখ্য অভিনেতার এমন সরে দাঁড়ানো—সব মিলিয়ে ‘কালা হিরণ’ ছবির ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে। এখন দেখার বিষয়, আইনি নোটিশের পর নির্মাতারা কী সিদ্ধান্ত নেন।