রাহুলকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন চঞ্চল চৌধুরী

ভারতীয় বিনোদন ভুবনকে, বিশেষ করে টলিউডকে শোকস্তব্ধ করে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার হৃদয়বিদারক মৃত্যুতে শোকস্তব্ধ ও হতবাক সিনেমা অঙ্গন। অকালে চলে যাওয়া প্রতিভাবান এই শিল্পী আজীবন সবার হৃদয়ে বেঁচে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
মাত্র ৪৩ বছর বয়সে নিভে গেল এক উজ্জ্বল বহুমুখী প্রতিভা। রাহুলের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা অভিনয় জগতে। ওপার বাংলার তারকারা তো বটেই, বাংলাদেশের সিনেমা জগতের মানুষও যেন মেনে নিতে পারছেন না এই করুণ মৃত্যুর ঘটনা।
বাংলাদেশি তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল রাহুলের। তার মৃত্যতে শোকপ্রকাশ করেছেন মুষড়ে পড়া চঞ্চল চৌধুরী। সম্প্রতি পশ্চিমবঙ্গে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে বাংলাদেশি এই তারকা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। এর আগে অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে রাহুলকে স্মরণ করেছেন।
চঞ্চল চৌধুরী ফেসবুক স্টোরিতে লেখেন, ‘তোমার দেওয়া আনন্দ আর রেখে যাওয়া ভালোবাসার মধ্যেই তুমি বেঁচে থাকবে। তোমার অভাব অনুভব করব, রাহুল।’
ওড়িশা রাজ্যের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। যদিও শেষ পর্যন্ত আর অভিনেতাকে বাঁচানো যায়নি। সোমবার বিকেলে তার দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে, যেখানে সম্পন্ন হয় শেষকৃত্য।