নোরা-সঞ্জয়ের ‘অশ্লীল’ গানে ক্ষুব্ধ নেটপাড়া

ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, নোরা ফাতেহি অভিনীত কন্নড়ের সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’ মুক্তি পাবে আগামী ৩০ এপ্রিল। এর আগে বিভিন্ন সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহির একটি গান। অশ্লীলতার অভিযোগে গানটি নিয়ে নেটপাড়ায় রীতিমতো ক্ষুব্ধ অভিমত দিচ্ছেন সিনেপ্রেমীরা।
এবার গানটির নিন্দায় সরব হয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক আরমান মালিক। তিনি তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য আমি গানটি আরও একবার চালাতে বাধ্য হয়েছিলাম।’
সিনেমা ইন্ডাস্ট্রিতে সঞ্জয় দত্ত এখনো খুবই দাপটের সঙ্গে অভিনয় করছেন। বর্ষীয়ান এই অভিনেতা ইন্ডাস্ট্রিতে সম্মানিত ও তরুণদের কাছে অনুকরণীয়। তার আসন্ন সিনেমার ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি প্রশংসার পরিবর্তে সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে। দৃশ্য ধারণে খুব বেশি সমালোচনা না হলেও গানের অশ্লীল-চটুল কথাই এর মূল কারণ। সূত্র: রিপাবলিক ইন্ডিয়া
‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে...’ গানটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রকাশের পর থেকেই দুভাগে বিভক্ত নেটপাড়া। নেটপাড়ার একাংশ ক্ষুব্ধ গানের কথা নিয়ে। একজন লিখেছেন, ‘এটা কী! ২০২৬ সালে এ ধরনের গান!’ কেউ কেউ আবার দুর্দান্ত নাচের জন্য নোরার প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশ আবার গানটি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন।
প্রেম পরিচালিত ‘কেডি: দ্য ডেভিল’ গত বছর সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নির্মাতারা এর মুক্তি পিছিয়ে দেন। সারজা, দত্ত এবং ফাতেহি ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিল্পা শেঠি, ভি. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দ, রেশমা নানাইয়া এবং যিশু সেনগুপ্ত।