শিল্পা শেঠির ‘উপহার’ মামলা ফের তদন্তের নির্দেশ

অভিনেত্রী ও উদ্যোক্তা শিল্পা শেঠি তার স্বামী রাজ কুন্দ্রার দেওয়া সাড়ে ১২ কোটি রুপির ‘উপহার’ সংক্রান্ত একটি আয়কর মামলায় আংশিক স্বস্তি পেয়েছেন। আয়কর আপিল ট্রাইব্যুনাল মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে এবং শিল্পাকে তার সত্যতা প্রমাণের জন্য দ্বিতীয় সুযোগ দিয়েছে। এর আগে এই বড় অংকের অর্থ অবৈধ বলে রায় দেন আদালত।
উল্লেখ্য, শিল্পা শেঠি ২০১৯-২০ অর্থবছরে ১২.৫ কোটি টাকা পেয়েছিলেন। সেই টাকা তার স্বামী রাজ কুন্দ্রা উপহার হিসেবে দিয়েছিলেন বলে দাবি করেন অভিনেত্রী। সেই টাকা নিয়ে আদালতে মামলা করে আয়কর বিভাগ।
পরিদর্শক আয়কর কর্মকর্তা এই অর্থকে ‘অব্যাখ্যাত ক্রেডিট’ হিসেবে গণ্য করে। সে সময় নিজের অবস্থান প্রমাণ করার জন্য শিল্পা শেঠি আদালতে দানপত্রের একটি অনুলিপি ও তার স্বামীর আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকারপত্র দাখিল করেন। তবে তদন্তে দেখা যায়, প্রদত্ত উপহারের অর্থের সঙ্গে রাজ কুন্দ্রার আয় সংগতিপূর্ণ ছিল না, ফলে আয়কর বিভাগের সন্দেহ হয়।
আইটিএটি বেঞ্চ এখন পর্যবেক্ষণ করেছে, শুধু দানপত্রের নথি কোনো লেনদেনের সত্যতা প্রতিষ্ঠা করতে পারে না। এ মর্মে আইটিএটি আয়কর কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে যে, উপহারটি প্রমাণ করার জন্য তাকে সম্পূর্ণ ব্যাংক রেকর্ড, আর্থিক বিবরণী এবং সহায়ক প্রমাণ দাখিল করার সুযোগ দিয়ে বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে হবে।