logo

দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি

এএনআই
এএনআই
দ্বিতীয়বার অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ছবি: ইন্সটাগ্রাম

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি এবং শহরটির মেয়র কার্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেয়র ঋতু তাওয়াড়ে ও মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিড়েকে পাঠানো একটি হুমকিমূলক ইমেইলে এসব স্থানে বিস্ফোরণের কথা বলা হয়। এ ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাইয়ের নিরাপত্তা বাহিনী।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানা যায়, মেয়রের কার্যালয়ে পাঠানো ওই ইমেইলে দাবি করা হয়েছে, মুম্বাইয়ের মেয়র কার্যালয়, অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’, মহালক্ষ্মী রেসকোর্স এবং সায়ন ও আচার্য মেট্রো স্টেশনে বোমা রাখা হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বোমা হামলার হুমকিতে উঠে এসেছে অমিতাভের বাড়ি ‘জলসা’র নাম। এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের হুমকির তথ্য মুম্বাই পুলিশকে জানানো হয়েছিল। এ ছাড়া গত মাসে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে পাঠানো হুমকিমূলক ইমেইলেও অমিতাভের বাংলোর নাম উল্লেখ করা হয়।

আগের হুমকির পর থেকেই অমিতাভের বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতি রোববারের মতো ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এলেও এবার বাড়তি নিরাপত্তার মধ্যেই দেখা যায় অভিনেতাকে। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় নিরাপত্তার অংশ হিসেবে অভিষেককে বুলেটপ্রুফ কাচের আড়ালে অবস্থান করতে দেখা যায়।

এদিকে বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া দক্ষিণী অভিনেতা রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘ভেট্টাইয়ান’-এ।

সূত্র: এএনআই।