ভীতু পুলিশ থেকে ভয়ংকর দেবী, দুই রূপে নয়নতারা

কখনও ভয়ে কাঁপছেন পুলিশ কর্মকর্তা, আবার কখনও দেবীরূপে অসুর দমন! পর্দায় একেবারে ভিন্ন দুই অবতারে হাজির দক্ষিণী তারকা নয়নতারা। তার নতুন সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল!
সম্প্রতি প্রকাশিত হয়েছে নয়নতারা অভিনীত ‘মুকুথি আম্মান ২’ সিনেমার ট্রেলার। ২০২০ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বে দেবীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এবার সেই চরিত্রে ফিরেই চমক দেখাচ্ছেন এই অভিনেত্রী। তবে চমক শুধু দেবীর রূপেই নয়, এবার তাকে দেখা যাবে এক ভীতু পুলিশ কর্মকর্তার চরিত্রেও!
ট্রেলারে দেখা যায়, রেজিনা ক্যাসান্দ্রা ও দুনিয়া বিজয়ের অভিনীত দুই পৌরাণিক খলনায়ক পৃথিবীতে নেমে আসে ধ্বংসযজ্ঞ চালাতে। তাদের হুমকিতে বিপদের মুখে পড়ে শিশু ও নিরীহ মানুষের জীবন। আর এই পরিস্থিতিতে সামনে আসে নয়নতারার পুলিশ কর্মকর্তার চরিত্রটি। কিন্তু মজার বিষয় হলো, এই পুলিশ কর্মকর্তা এতটাই ভীতু যে সাধারণ বিষয়েও ভয় পান, এমনকি একা ঘুমাতেও ভয় লাগে তার!
কিন্তু যখন আবির্ভাব ঘটে দেবী মুকুথি আম্মানের, তখনই বদলে যায় পুরো পরিস্থিতি। একদিকে ভীতু পুলিশ কর্মকর্তা, অন্যদিকে শক্তিশালী দেবীর রূপ- নয়নতারার এই দুই বিপরীত চরিত্রই ট্রেলারে বাড়িয়েছে সিনেমাটি ঘিরে আগ্রহ।
সুন্দর সি পরিচালিত এই সিনেমায় নয়নতারার পাশাপাশি অভিনয় করেছেন উর্বশী, যোগী বাবু, রেজিনা ক্যাসান্দ্রা ও দুনিয়া বিজয়সহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ দৃশ্য আর পৌরাণিক কাহিনির মিশেলে তৈরি সিনেমাটি আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, দুই ভিন্নরূপে নয়নতারা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন!