logo

নতুন প্রেমের গল্প নিয়ে আবারও তারা তিনজন

নতুন প্রেমের গল্প নিয়ে আবারও তারা তিনজন

ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরে ইশক মে’ গত বছর ব্যাপক সাফল্য পায়। বিষাক্ত প্রেম আর ভায়োলেন্সে সিনেমাটির প্রতি পরতে পরতে ডুবে ছিলেন সিনেপ্রেমীরা। আনন্দ এল রাইয়ের সুনিপুণ পরিচালনায় এবং প্রযোজক হিমাংশু-নীরজ যাদব জুটিতে ‘তেরে ইশক মে’ হয়ে ওঠে এক সম্পূর্ণ ভিন্ন ও বিভ্রান্তিকর অভিজ্ঞতা।

এবার ধানুশ ও কৃতি শ্যাননকে নিয়ে আরেকটি প্রেমের গল্প বানাতে যাচ্ছেন আনন্দ এল রাই। জনপ্রিয় এই ত্রয়ী শিগগির তাদের উচ্চাভিলাষী প্রকল্পটির কাজ শুরু করবেন বলে জানা গেছে। বলিউড লাইফের বরাতে জানা যায়, আগের সিনেমায় সাফল্যের পর এই জুটি একটি পিরিয়ড লাভ স্টোরি নিয়ে আলোচনা চূড়ান্ত করেছে। এখনও নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি বিশাল পরিসরে নির্মিত হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, কৃতি শ্যানন নতুন প্রজেক্টটির চিত্রনাট্য নিয়ে আগ্রহ দেখিয়েছেন। ধানুশও প্রশংসা করেছেন চিত্রনাট্যটির। তবে এ ব্যাপারে নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে দুই তারকার কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা যায়।

জুটি সেই আগের মতো থাকলেও নতুন প্রকল্পটি ‘তেরে ইশক মে’ থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের হবে। সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত পিরিয়ড রোমান্স সিনেমাটি আরও ক্ল্যাসিক এবং তীব্র আখ্যান উপস্থাপন করবে। এ ধরনের আখ্যান বরাবরই দর্শকদের আকৃষ্ট করে। এখন ভক্তদের আগ্রহ, এই ত্রয়ী তাদের নতুন সিনেমায় দর্শকদের সামনে কোন চমক হাজির হবেন?