বিতর্ক ছাপিয়ে ‘দ্য কেরালা স্টোরি ২’-এর দুর্দান্ত শুরু

রিলিজের আগে বিভিন্ন জটিলতা ও বিতর্ক সত্ত্বেও দুর্দান্ত শুরু করেছে ‘দ্য কেরালা স্টোরি ২’। হিন্দি ড্রামা থ্রিলার এ সিনেমাটির প্রথম অংশ মুক্তি পায় ২০২৩ সালে। সেটি নিয়েও চলেছিল নানা বিতর্ক ও আলোচনা। সেই সিনেমার সিক্যুয়েল হাইকোর্টের নানা ঝক্কির পর অবশেষে মুক্তি পেল ২৭ ফেব্রুয়ারি। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এ অ্যাকশন ড্রামাটি পর্দায় আসার প্রথম দিন আয় করেছে প্রায় ৫ কোটি রুপি। বেশ কয়েক সপ্তাহ ধরে বিতর্কের মধ্যে থাকা সত্ত্বেও সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। সিনেমাটি দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশের পরই দেখা দেয় আইনি ও রাজনৈতিক বিতর্ক। একাধিকবার সিনেমার বেশ কয়েকটি দৃশ্য কর্তন করে সেন্সর বোর্ড মুক্তির অনুমোদন দিলেও বাধা দেয় হাইকোর্ট। তবে এক দিন পরই সেই নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। শ্রীদেব নাম্বোদরি নামে এক প্রভাষকের দায়ের করা অভিযোগ থেকে মামলার সূত্রপাত। তার অভিযোগ ছিল, ছবির ট্রেলারে কেরলকে অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যার সুদূরপ্রসারী প্রভাব সমাজে পড়তে পারে।
স্যাকনিল্কের একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ বক্স অফিসে শনিবার ভারতে প্রায় ৪.৮৫ কোটি রুপি আয় করেছে। দর্শকের এই আগ্রহে নতুন করে আশা জেগেছে সিনেমা সংশ্লিষ্টদের।
সিনেমার গল্পটি তিন তরুণীর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা প্রতারণামূলক বিবাহ এবং জোরপূর্বক ধর্মান্তরের মতো পরিস্থিতির মুখোমুখি হয় বলে অভিযোগ করে। এ নিয়েই সৃষ্টি হয় বিতর্ক। সিনেমাটিতে অভিনয় করেছেন সুমিত গাহলাওয়াত, উল্কা গুপ্তা, অদিতি ভাটিয়া, ঐশ্বর্য ওঝা, অর্জান সিং আউজলা এবং যুক্তম খোসলা। মূল ভূমিকায় থাকা উল্কা, অদিতি ও ঐশ্বর্যর চমৎকার অভিনয় সব বিতর্ক সরিয়ে সিনেমাটিকে এগিয়ে নিয়ে যাবে। কাহিনির মূলে থাকা এই তিনজনের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-সমালোচকরা।