logo

আদালতে আবেগপ্রবণ রাজপাল নিজেই সাজা চাইলেন

আদালতে আবেগপ্রবণ রাজপাল নিজেই সাজা চাইলেন

বেশ কিছু দিন ধরে চেক বাউন্স মামলায় আইনি গ্যাঁড়াকলে বলিউডের কমেডিয়ান-অভিনেতা রাজপাল যাদব। এবার ভরা আদালতে আবেগপ্রবণ হয়ে নিজেই নিজের সাজা চান রাজপাল।

গত ফেব্রুয়ারিতে উচ্চ আদালত থেকে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান। এর আগে এগারো দিন তিহার জেলে কারাবাস করতে হয়। রাজপাল যাদবের বিরুদ্ধে বহুদিন ধরে ৫ কোটি টাকার একটি ঋণ পরিশোধ না করা এবং সেই সংক্রান্ত চেক বাউন্স হওয়ার অভিযোগে মামলা চলছে।

সাম্প্রতিক শুনানিতে রাজপাল যাদবের আইনজীবী আদালতের কাছে কিছু সময় চান এবং জানান যে, অভিনেতা টাকা পরিশোধের চেষ্টা করছেন। শুনানির এক পর্যায়ে অভিনেতা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি আদালতকে বলেন, ‘এরকম পরিস্থিতিতে আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছি। টাকা পরিশোধের জন্য বারবার হেনস্থার চেয়ে জেলে থাকাই ভালো। আমাকে আবারও জেলে পাঠিয়ে দিন। আমি সেখানে থাকতে রাজি আছি, কিন্তু এই মানসিক যন্ত্রণা আর সহ্য পারছি না।’

অভিনেতার এমন আবেগপ্রবণ আচরণে উপস্থিত সবাই বিস্মিত হন। তবে আইন আবেগ দিয়ে নয়, প্রমাণের ভিত্তিতে চলে—সেকথাও আদালত স্মরণ করিয়ে দেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট মামলার রায় আপাতত স্থগিত রেখেছেন।