চিত্রনাট্য শুনেই মুগ্ধ, এবার যোদ্ধার বেশে ভাইজান

বক্স অফিসে ক্রমাগত ব্যর্থতায় উৎসাহের বেলুন চুপসে গিয়েছিল বলিউড ভাইজান সালমান খানের ভক্তদের আশা। সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ভক্তরা যখন অধীর হয়ে আছেন, তখনই এলো সুখবর। এবার এক ঐতিহাসিক যোদ্ধার বেশে পর্দায় দেখা যাবে ভাইজানকে।
বক্স অফিসে ‘সিকান্দার’ সিনেমার আশানুরূপ সাফল্য না পাওয়ায় কিছুটা থমকে গিয়েছিলেন সালমান খান নিজেই। তবে তিনি যে দমে যাওয়ার পাত্র নন, তা আবারও দেখিয়ে দিলেন ‘টাইগার’ তারকা। এবার তিনি হাত দিতে যাচ্ছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা এবং উচ্চাভিলাষী প্রজেক্টে। ভারতীয় ইতিহাসের এক বীর যোদ্ধার চরিত্রে সিনেমার পর্দা কাঁপাতে আসছেন এই সুপারস্টার।
বলিউড হাঙ্গামার সূত্রমতে, সিনেমার চিত্রনাট্য শুনে এতটাই মুগ্ধ হন যে, এক মুহূর্ত দেরি করেননি সায় দিতে। রাজি হয়ে যান সঙ্গে সঙ্গে। অবশ্য সেই বীর চরিত্র ফুটিয়ে তুলতে সালমানকে বড়সড় শারীরিক পরিবর্তনও করতে হবে।
সিনেমাটির নির্মাণের সার্বিক দায়িত্বে আছেন ‘রং দে বাসন্তি’ ও ‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। মেহরা ও এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে সালমান খানের এটিই প্রথম কাজ। বর্তমানে সিনেমার শুটিংয়ের তারিখ ও পারিশ্রমিক নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে শিগগির তাদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে এবং সিনেমার কাজ শুরু হবে।
ঐতিহাসিক মহাকাব্যে নামার আগে সালমানের ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমা। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’। সালমান খান এ মুহূর্তে ব্যস্ত রাজ ও ডিকের সুপারহিরো প্রজেক্ট নিয়ে। পাশাপাশি চলছে ভামশি পাইডিপাল্লির হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমা ‘এসভিসি৬৩’-এর কাজ, যেখানে ভাইজানের সঙ্গে পর্দা মাতাবেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। সেটিও ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সব ব্যস্ততা শেষে ২০২৭ সালের গ্রীষ্মে রাকেশ ওমপ্রকাশ মেহরার এই পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন ভাইজান। নতুন লুকে, নতুন অবতারে সালমান খানকে দেখার জন্য এখন থেকেই প্রহর গুনছেন তার কোটি ভক্ত।






