ফ্রেঞ্চ রিভিয়েরায় হুমা কুরেশির বেনারসি আভিজাত্য

হুমা সেলিম কুরেশি, যিনি বলিউড অঙ্গনে হুমা কুরেশি নামেই পরিচিত। ভারতীয় এই মডেল ও সিনেতারকাকে নতুন করে পরিচয় করানোর প্রয়োজন নেই। মোহনীয় গ্ল্যামারে উপস্থাপন করে এই বলিউড ডিভা সব সময় নিজেকে আলাদা করে রাখতে পারেন। এবার চমৎকার বেনারসি শাড়িতে হুমা কুরেশি নিজের আভিজাত্য ফুটিয়ে তুললেন।

ক্রাইম ড্রামা ‘গ্যাংগস অব ওয়াসিপুর’ এবং ‘গ্যাংগস অব ওয়াসিপুর ২’-এ অদ্ভুত ও সাহসী চরিত্রে অভিনয় করে হুমা কুরেশি দশৃকহৃদয়ে জায়গা করে নেন। তিনি অন্য অনেকের চেয়ে ভারতীয় ঐতিহ্য ও ফ্যাশনকে বেশি প্রাধান্য দেন। যা সব সময় ভক্তদের মনোযোগহ আকর্ষণ করে।

এই গ্ল্যামার গার্ল এবার কান ২০২৬-এর ফ্রেঞ্চ রিভিয়েরায় বেনারসের ঘাট থেকে একটি বেনারসি শাড়ি বেছে নিয়েছেন। যা তাকে করে তুলেছে মোহনীয়। চাকচিক্য আর হাই-টেক ফ্যাশনের ভিড়ে তার এই উপমহাদেশীয় সাজ তাকে করে তুলেছে অনন্য।

হুমা কুরেশি একটি গাঢ় বেগুনি রঙের বেনারসি শাড়িতে চিরন্তন আভিজাত্যের সঙ্গে আধুনিক পরিশীলতার মিশ্রণ ঘটিয়েছেন। কান উৎসবে খুব সাধারণ অথচ শক্তিশালী সাজে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তবে তার পরা বেনারসি শাড়িতে ছিল রাজকীয় কারুকার্যসহ জটিল জরির কাজ। সোনালি ব্লাউজের সঙ্গে বেগুনি শাড়িতে নিজেকে অত্যন্ত কমনীয় ও আভিজাত্যের সঙ্গে উপস্থাপন করেছেন।
সামাজিকমাধ্যমে দেওয়া ছবিতে হুমা ক্যাপশনে লেখেন—একটি কালজয়ী পোশাক পরতে পেরে তিনি বিশেষ অনুভব করছেন। বেনারসি শাড়ির ঐতিহ্যবাহী বুননের স্মৃতিময়তার সঙ্গে মিশে যায় শান্ত, অপ্রত্যাশিত মোটিফ, যা একজন নারীর রূপে প্রাণবন্ত ছোঁয়া যোগ করে।

সোনালি ও পান্নাখচিত নেকলেস এবং কানের দুলের মাধ্যমে হুমা তার সাজে দেশি ছোঁয়া দিয়েছেন। উজ্জ্বল গোলাপি ব্লাশ ও গালের সাজে তাকে আকর্ষণীয় করে তুলেছে। এই বিশেষ সাজে হুমা গর্বের সঙ্গে ভারতীয় তো বটেই, উপমহাদেশীয় সংস্কৃতিকে উদযাপন করেছেন।

