logo

স্পাইডারম্যানের এক দিনেই ৫০ কোটি ভিউ

স্পাইডারম্যানের এক দিনেই ৫০ কোটি ভিউ

ট্রেলার প্রকাশের মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই ৫০ কোটি দর্শক সেটি উপভোগ করেছেন। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন সিনেপ্রেমীরা। মুক্তির পর দ্রুততম সময়ে ৫০ কোটি ভিউর মাইলফলক অতিক্রম করে ট্রেলারটি।

মারভেল কমিকসের সুপারহিরো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে। ইতিহাস সৃষ্টি করা ট্রেলারে টম হল্যান্ডের পিটার পার্কারকে চতুর্থবারের মতো দেখা গেছে।

এর আগে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ এক দিনের রেকর্ড গড়েছিল ৪৭.৫ কোটি ভিউ অর্জন করে। স্পাইডারম্যান হল্যান্ড সেই সংখ্যাকে ছাড়িয়ে ৫০ কোটি ভিউর ঘরে নিয়ে গেলেন। ধারণা করা হচ্ছে, স্পাইডারম্যান সিরিজের ‘নো ওয়ে হোম’-এর বক্স অফিসে ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের রেকর্ডও ভেঙে ফেলবে এবারের ‘ব্যান্ড নিউ ডে’।

ডেসটিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এই সিনেমার চিত্রনাট্যে ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্সের সঙ্গে লিখেছেন টম হল্যান্ড নিজেও। ট্রেলারে হল্যান্ডের প্রেমিকা জেনডায়াকে মিশেল জোন্স হিসেবে দেখা যাবে। নেড লিডস হিসেবে রয়েছেন জ্যাকব বাতালন। এই মূল তিন চরিত্রের সঙ্গে যোগ দিয়েছেন স্যাডি সিঙ্ক, দ্য পানিশার হিসেবে জোন বার্নথাল ফ্র্যাঙ্ক ক্যাসল, স্করপিয়নে মাইকেল ম্যান্ডো, এবং হাল্ক চরিত্রে মার্ক রাফালো ব্রুস ব্যানার।

যদিও ট্রেলারে সিঙ্ক ও টিলম্যানের রহস্যময় চরিত্র উন্মোচিত হয়নি। এ ছাড়া ট্রেলারে লাল পোশাকের ভয়ংকর নিনজাদের সঙ্গে স্পাইডির অ্যাকশন দৃশ্যও দেখা যায়। ট্রেলার দেখে ভক্তরা অনুমান করছেন, ক্রেটনের শাং-চি সিনেমার টেন রিংস গল্পকেও সিনেমায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত ট্রেলারে গল্পের একটি অন্ধকার মোড়ের ইঙ্গিত পাওয়া যায়। যেখানে গুজব রয়েছে যে পিটার ‘ম্যান-স্পাইডার’ হয়ে উঠবে এবং সে নিজের সঙ্গেই এক অভ্যন্তরীণ লড়াইয়ের মুখোমুখি হবে। ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রিমিয়াম ফরম্যাটে মুক্তি পাবে।