রোমান্টিক আবেশ ছড়ানো আহান এবার অ্যাকশন অবতারে

বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘদিনের বোনা স্বপ্ন শুধুই স্বপ্ন নয়, এখন তা বাস্তব আহান পান্ডের জন্য। ২০২৫ সালে প্রথম সিনেমায় সেই স্বপ্ন ছাপিয়ে প্রত্যাশার পারদকে ওপরে তুলে ধরেছেন চাঙ্কি পান্ডের ভাতিজা। যশরাজ ফিল্মসের ‘সাইয়ারা’র মাধ্যমে কাঁপিয়েছেন রুপালি পর্দা। রোমান্টিক সিনেমা দিয়ে শুরু করা আহানকে এবার দেখা যাবে অ্যাকশন অবতারে। নির্মাতা আলি আব্বাস জাফরের আগামী সিনেমায় ধুমধাড়াক্কা অ্যাকশনে দেখা যাবে সাইয়ারার সেই প্রেমিক কৃশ কাপুরকে।
‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন আলি আব্বাস জাফর। নামি এই পরিচালকের সঙ্গে নিজের পরবর্তী ছবির শুটিং শুরু করলেন আহান পান্ডে। এরই এক ঝলক এখন ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে এখনও নাম ঠিক না হওয়া সিনেমাটির একটি উত্তেজনাপূর্ণ ক্লিপ শেয়ার করা হয়েছে। তাতে দর্শকরা আহান পান্ডের তীব্র আবেদনময়ী রূপের এক ঝলক দেখার সুযোগ পেয়েছেন। এতে আহানের তীক্ষ্ণ চোখের সঙ্গে একটি ক্ল্যাসিক ক্ল্যাপবোর্ড দেখা যাচ্ছে, যা আসন্ন অ্যাকশন দৃশ্যের আগে তার রোমান্টিক নায়কের আকর্ষণকে ফুটিয়ে তুলছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওয়াইআরএফের প্রযোজনায় আসন্ন অ্যাকশন সিনেমায় শর্বরী ওরাঘ, ঐশ্বর্য ঠাকরে ও ববি দেওলের মতো তারকারাও থাকছেন। সিনেমাটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্টাইলিশ ও বড় মাপের বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত আলি আব্বাসের এই উচ্চাভিলাষী উদ্যোগ ইন্ডাস্ট্রিতে অ্যাকশন-রোমান্স ঘরানার একটি আকর্ষণীয় সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করবে। সিনেমাটির কাহিনি এখনও গোপন রাখা হয়েছে—তাই দর্শকের প্রত্যাশা বেড়েছে বহুগুণ।
‘সাইয়ারা’র মাধ্যমে জেন-জি প্রজন্ম পেয়েছে নতুন নায়ক। প্রথম সিনেমার ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্য সামনের দিকে এই নেপোকিডের প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। রোমান্টিকতার আবেশ ছড়িয়ে আহান পান্ডে এবার অ্যাকশন হিরো হিসেবে দর্শকের হৃদয় জয় করতে পারেন কি না—সেটাই এখন দেখার।