logo

যে কারণে ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
যে কারণে ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখেই দেখা যায় স্বস্তিকা মুখার্জিকে। প্রতিযোগীদের সঙ্গে কথা বলা, মজা করা কিংবা দর্শকদের মাতিয়ে রাখা-সঞ্চালকের দায়িত্বে নিজের মতো করেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তবে ক্যামেরার বাইরে কাজটা যে খুব একটা সহজ হচ্ছে না, সেটাও জানিয়েছেন অভিনেত্রী।

নতুন এই দায়িত্বে প্রতিদিন দীর্ঘ সময় কথা বলতে হচ্ছে স্বস্তিকাকে। এরই মধ্যে টানা কথা বলা ও শুটিং সেটের ঠান্ডা পরিবেশের কারণে তার গলায় চাপ পড়েছে। একপর্যায়ে অনুষ্ঠানের মঞ্চেই নিজের গলার অবস্থা নিয়ে মজা করে ক্ষমা চেয়েছেন তিনি।

প্রতিযোগী ও দর্শকদের উদ্দেশে স্বস্তিকা বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’

নিয়মিত দৈনিক অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা স্বস্তিকার জন্য একেবারেই নতুন। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করলেও প্রতিদিনের টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব তাকে আগে নিতে হয়নি। ফলে ‘দিদি নম্বর ওয়ান’ তার জন্য অভিনয়ের বাইরে নতুন ধরনের এক অভিজ্ঞতা।

এর সঙ্গে রয়েছে আরও একটি বড় বিষয়। দীর্ঘদিন ধরে রচনা ব্যানার্জির সঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’-এর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। সেই পরিচিত জায়গায় নতুন সঞ্চালক হিসেবে দর্শকদের সামনে নিজেকে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জও রয়েছে স্বস্তিকার সামনে।

অভিনয়ের শুটিংয়ের সঙ্গে এই কাজের পার্থক্যও বেশ স্পষ্ট। সিনেমা বা ওয়েব সিরিজে দৃশ্য অনুযায়ী সংলাপ বলতে হয়। কিন্তু ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে প্রতিযোগী ও স্টুডিওর দর্শকদের সঙ্গে কথা বলতে হয়। ফলে কণ্ঠের ওপর চাপও পড়ে বেশি।

স্বস্তিকার ভাষ্য অনুযায়ী, শুটিং সেটের ঠান্ডা এসির মধ্যেই দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে তাকে। আবার স্টুডিওতে প্রচুর আলো ব্যবহার করা হয় বলে এসি বন্ধ রাখার সুযোগও থাকে না। ঠান্ডা পরিবেশে ঘণ্টার পর ঘণ্টা কাজ করায় গলার অস্বস্তি আরও বাড়ছে।

তবে এসবের মধ্যেও সঞ্চালনার কাজ থামিয়ে দিতে চান না স্বস্তিকা। গলায় অস্বস্তি থাকলেও নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। নতুন এই ভূমিকায় ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার পাশাপাশি নিজের সঞ্চালনার ধরনেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার