গায়ের রঙ নিয়ে কটাক্ষ শুনতেন সামীরা রেড্ডি

কেরিয়ারের শুরুর দিকে ত্বকের রঙ ফর্সা না হওয়ায় বিভিন্ন কটূক্তি ও কটাক্ষের শিকার হতে হতো বলিউড অভিনেত্রী সামীরা রেড্ডিকে। অন্যান্য নায়িকার মতো ফর্সা দেখাতে তাকে শরীরের বিভিন্ন অংশে মেকআপ করতে বাধ্য করা হতো। এ নিয়ে ভীষণ মানসিক পীড়ায় ভুগতে হতো তাকে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বলিউড অভিনেত্রী সামীরা রেড্ডি এক সাক্ষাৎকারে এই বোমা ফাটালেন। তার সাক্ষাৎকারে বিনোদন জগতে গায়ের রঙ নিয়ে প্রচলিত সংকীর্ণ মানসিকতার কথা উঠে আসে। একই সঙ্গে এ বিষয়গুলোর বিরুদ্ধে নিজের লড়াইয়ের কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
‘নো এন্ট্রি’, ‘রেস’, ‘দে ধানা ধান’সহ ত্রিশটির বেশি সিনেমার তারকা সামীরা বলেন, ‘একজন অভিনেত্রী এবং নারী হিসেবে আমাকে সবসময় অনুভব করানো হতো যে আমাকে আরও ফর্সা হতে হবে। অদ্ভুত কারণে সবাই আমাকে খুব ফর্সা মেকআপ করে দিত। এমনকী শরীরের যেসব অংশ উন্মুক্ত থাকত, সেখানেও মেকআপের প্রলেপ দিতে হতো। এটা আমাকে ভীষণভাবে মানসিক যন্ত্রণা দিত।’
সাক্ষাৎকারে মেধা ও অভিনয়ের বদলে শারীরিক গঠনকে প্রাধান্য বেশি দেওয়ায় ইন্ডাস্ট্রির সমালোচনা করেন। অভিনয় জীবনের শুরুতে নিজের শারীরিক গঠন নিয়ে প্রতিনিয়ত বহু বাঁকা কথা শুনতে হয়েছে তাকে। তার মতে, বিনোদন জগতে এটাই ছিল যেন এক অলিখিত নিয়ম।
সময়ের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি জানান, আগের প্রজন্মের অভিভাবকরা যে বিষয়গুলোকে গুরুত্ব দেননি বা সমস্যা হিসেবে দেখেননি, আজ সেই ধারণা বদলেছে। বর্তমান সময়ে মানুষ অনেক বেশি সচেতন।