সাইফ আলী খানের সঙ্গে পর্দায় মিমি

কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী বলিউড তারকা সাইফ আলী খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। নেটফ্লিক্সের ‘হাম হিন্দুস্তানি’র পর্দায় নজর কাড়তে চলেছেন এই অভিনেত্রী। ২০২৩ সালে ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী।
নেটফ্লিক্সে শিগগির আসছে বেশ কিছু সিনেমা, তথ্যচিত্র ও সিরিজ। দর্শকের সামনে এসেছে বিভিন্ন ছবি ও সিরিজের প্রথম ঝলক। সেই তালিকায় রয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রাজনীতি ও দেশপ্রেম ভিত্তিক সিনেমা ‘হাম হিন্দুস্তানি’।
সব প্রতিকূলতা পেরিয়ে ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য এগিয়ে আসেন এক বঙ্গসন্তান। নেহরুযুগে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার ‘রাজসূয় যজ্ঞ’ কীভাবে সামাল দিয়েছিলেন সেই বঙ্গসন্তান? আর এ পিরিয়ড ড্রামাতেই সাইফ আলী খান, প্রতীক গান্ধীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন মিমি চক্রবর্তী।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে মিমি চক্রবর্তীর পদার্পণ বলিউডেও। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’। এর মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল মিমির। এরপর আর বলিউডে দেখা যায়নি তাকে। তবে এবার অভিনেত্রী নজর কাড়তে চলেছেন পতৌদির নবাব সাইফ আলী খানের সঙ্গে নেটফ্লিক্সের সিরিজে।
ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করবেন সাইফ। পরিচালক রাহুল ঢোলাকিয়ার এই সিরিজের টিজারে মিমিকে খুব আকর্ষণীয়ভাবে দেখা গেছে। টিজার সামনে এলেও কবে মুক্তি পাচ্ছে ‘হাম হিন্দুস্তানি’, তা এখন পর্যন্ত জানা যায়নি। টিজারে শাড়ি, সিঁদুরের টিপে যেন বেশ অচেনা মনে হচ্ছিল মিমি।
প্রথমবারের মতো হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে মিমিকে। টিজারটি তিনি নিজেই সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। সাইফের সঙ্গে তার রসায়ন জমবে বলে ধারণা অনুরাগীদের।


