শুটিং চলাকালীন একজন শিল্পী তার কাজের প্রতি দায়বদ্ধ থাকেন: নুসরাত ফারিয়া

শুটিং সেটে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর নেপথ্যের উদ্দেশ্য ও বাস্তবতা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি। সেখানে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব ও সময়ের মূল্যায়ন করে বেশকিছু বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান এই অভিনেত্রী।
জানা গেছে, শনিবার সকালে উত্তরার একটি শুটিং সেটে নুসরাত ফারিয়ার সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন টেলিভিশন সাংবাদিক। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করলেও তাদের সঙ্গে কথা না বলে শুটিং সেট ত্যাগ করেন অভিনেত্রী। দীর্ঘ অপেক্ষার পর কোনো বক্তব্য না পেয়ে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই পরিস্থিতি স্পষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত বক্তব্য দেন তিনি।
সংবাদকর্মীদের উদ্দেশ করে নুসরাত ফারিয়া লেখেন, ‘কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান যখন শুটিং চলাকালে সাংবাদিকদের সেটে আমন্ত্রণ জানায়, তখন ঠিক কী উদ্দেশ্যে তাদের সেখানে ডাকা হচ্ছে, যেন আগে থেকেই ভালোভাবে যাচাই করে নেওয়া হয়। সাংবাদিকদের ক্যামেরা, বুম কিংবা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেবল নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা চলছে কি না, তা স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
কোনো শিল্পীর সাক্ষাৎকারের কথা বলে সাংবাদিকদের স্পটে নেওয়ার প্রবণতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যদি কোনো শিল্পীর সাক্ষাৎকারের কথা বলে আমন্ত্রণ জানানো হয়, তবে সেটে যাওয়ার আগেই সরাসরি সেই শিল্পীর সঙ্গে যোগাযোগ করা উচিত। ওই শিল্পী আদৌ বিষয়টি সম্পর্কে অবগত আছেন কি না কিংবা তার কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছে কি না, তা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, সংবাদকর্মীদের সময় অনেক মূল্যবান; কারণ অনেক সময় এক ধরনের আশ্বাস দিয়ে শুটিং স্পটে ডেকে নিলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
শুটিং চলাকালীন একজন শিল্পীর মানসিক অবস্থা ও পেশাদারত্বের দিকটি তুলে ধরে ফারিয়া লেখেন, শুটিং চলাকালে একজন শিল্পী তার কাজের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থাকেন। তিনি তখন একটি নির্দিষ্ট সিনেমা বা প্রজেক্টের কাজে একাগ্রভাবে নিয়োজিত থাকেন। সেই কাজের বাইরে গিয়ে কোনো সাক্ষাৎকার দেওয়া সম্পূর্ণ আলাদা একটি বিষয়, যার জন্য সংশ্লিষ্ট শিল্পীর সম্মতি এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে প্রতিহিংসামূলক মনোভাব থেকে দূরে থাকারও পরামর্শ দেন।
সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে নুসরাত ফারিয়া আহ্বান জানান, কোনো একটি পক্ষের কথা শুনেই যেন পুরো বিষয়টি সত্য বলে ধরে নেওয়া না হয়। তিনি বলেন, ‘যা শোনা যায় বা দেখা যায়, অনেক সময় তার আড়ালেও ভিন্ন কোনো বাস্তবতা থাকে। পর্দার পেছনের ঘটনাগুলো অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে মূল সত্যটি আড়ালেই ঢাকা পড়ে থাকে। তাই সংবাদকর্মীদের আরও যাচাই-বাছাই ও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়ে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেত্রী।’