পর্দায় ফিরছে সঞ্জয়ের সুপারহিট ‘খলনায়ক’

নব্বই দশকের সেই সাড়া জাগানো কাল্ট ক্ল্যাসিক ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের ব্লকবাস্টার সেই সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় সঞ্জুবাবার সঙ্গে জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত পর্দা কাঁপিয়েছিলেন।
তিন দশক পর সঞ্জয় দত্ত সেই সিনেমাটির সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এর ঘোষণা দিয়ে টিজার শেয়ার করেন। তার এই টিজার দেখে ভক্তরা চমকে গেছেন। বলিউডের অন্যতম আইকনিক চরিত্রটি সিনেপর্দায় অ্যান্টি-হিরোর ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।
এই সিক্যুয়েলের মাধ্যমে একসময়ের হিন্দি সিনেমার প্রভাবশালী নির্মাতা সুভাষ ঘাইও তার আসনে ফিরবেন বলে জানা গেছে। 'খলনায়ক রিটার্নস' যৌথভাবে প্রযোজনা করছে জিও স্টুডিওস, অ্যাসপেক্ট এন্টারটেইনমেন্ট এবং থার্ড ডাইমেনশন মোশন পিকচার্স।
টিজারে ‘খলনায়ক’-এর প্রধান চরিত্রকে আগের মতোই ভয়ংকর রূপে দেখানো হয়েছে। নব্বই দশকের সেই সাড়া জাগানো সংলাপগুলো নস্টালজিয়া ফিরিয়ে আনে। সঞ্জয় ঘোষণা দেওয়ার সময় আইকনিক গান ‘খলনায়ক হুঁ ম্যায়’ও গেয়েছেন। ঘোষণা পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “কিছু গল্প কখনও শেষ হয় না... সেগুলো ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে শেষ হয়েছিল।” সূত্র: সিনেমা এক্সপ্রেস
সিক্যুয়েলটির মূল চ্যালেঞ্জ পরিবর্তিত প্রেক্ষাপট। হাল আমলে ভিলেন চরিত্ররাই নায়ক রূপে হাজির হন। তাই নব্বই দশকের সেই ‘খারাপ লোক’ ধারণাকেও দূরে সরাতে হবে। জেন জি প্রজন্ম আকৃষ্ট করার চ্যালেঞ্জও থাকবে। নস্টালজিয়া হয়তো বয়স্ক দর্শকদের টানতে পারে; কিন্তু সত্যিকারের সাফল্য পেতে হলে প্রয়োজন শক্তিশালী বিষয়বস্তু ও একটি আধুনিক আখ্যান।
‘খলনায়ক রিটার্নস’-এর টিজারে দেখা গেছে এতে ঐতিহ্য ও প্রত্যাশা জড়িয়ে আছে; কিন্তু এটি সব প্রজন্মের মন ছুঁতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।