রাজ ভীষণ মেধাবী অভিনেতা: সাবিল নূর

পর্দায় আবারও একসঙ্গে আসছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। তবে এবার কোনো সাধারণ প্রেমের কাহিনি নয়, দর্শকদের তারা নিয়ে যাচ্ছেন সাই-ফাই ও রহস্যের গোলকধাঁধায়। তাদের নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাবিলা নূর।
এশিয়া পোস্টের এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় দর্শকরা অনেক সাসপেন্স পাবেন। আমার ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের পরিচালক (তানিম নূর) এটি প্রযোজনা করেছেন। এটি মূলত একটি সাই-ফাই রোমান্স সিনেমা। আমার বিশ্বাস, দর্শকরা চলচ্চিত্রটি দারুণ উপভোগ করবেন।
সহশিল্পী শরিফুল রাজের প্রশংসায় পঞ্চমুখ সাবিলা নূর। বলেন, ‘রাজের সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে, সে ভীষণ মেধাবী একজন অভিনেতা। পর্দায় আমাদের বোঝাপড়া দারুণ।’
কানাভুলা প্যারাডক্স নির্মাণ করছেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। তানিম নূরের প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের মিশেলে ভিন্নধর্মী গল্প বলবে। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর একই নামের উপন্যাস থেকে সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেয়া হয়েছে।