logo

হৃত্বিকের সঙ্গে দেখা করতে নাচ শেখেন ভিকি

হৃত্বিকের সঙ্গে দেখা করতে নাচ শেখেন ভিকি

সাম্প্রতিক কালের ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা ভিকি কৌশল। সাবলীল অভিনয়ের মাধ্যমে সিনে-ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করেছেন। ছোটবেলা থেকেই বলিউড তারকা হৃত্বিক রোশনের অন্ধভক্ত ছিলেন ভিকি। সেই হৃত্বিকের সঙ্গে দেখা করার জন্য বাবার পরামর্শে নাচ শিখতে হয়েছিল ‘উরি’ তারকাকে।

হৃত্বিক রোশন যখন ‘কাহোনা প্যার হ্যায়’ দিয়ে বলিউডে শোরগোল ফেলে দেন, তখন ভিকি ছিলেন দশম শ্রেণির ছাত্র। হৃত্বিকের নাচ দেখে মুগ্ধ ভিকি পাগলপ্রায় হয়ে যান নায়কের সঙ্গে দেখা করার জন্য। বাবার নির্দেশে কয়েকদিন নাচের প্র্যাকটিস করে অবশেষে হৃত্বিক রোশনের দেখা পান।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে কাজল ও টুইঙ্কল খান্নার সঙ্গে আড্ডায় ভিকি সিনেমার নায়কের সঙ্গে তার দেখা করার ঘটনার বিস্তারিত বলেন। সেই আড্ডাতে জানা যায়, ভিকির বাবা তখন একজন ফাইট মাস্টার। তবুও স্টুডিও সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হৃত্বিকের প্রথম সিনেমা দেখে ভক্ত বনে যাওয়া ভিকি কৌশল বাবাকে নায়কের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আবদার জানান। বাবা তাকে বলেন, যারা ‘এক পলকা জিনা’র সিগনেচার স্টেপ করতে পারে শুধু তাদের সঙ্গেই দেখা করেন হৃত্বিক। ব্যস, শুরু দিন-রাত অনুশীলন, যাতে দেখা করা যায় নায়কের সঙ্গে। সূত্র: টিভি৯ বাংলা

ভিকি বলেন, ‘হৃত্বিক রোশনের বড় ফ্যান আমি। তার সঙ্গে দেখা করার জন্য নাচ শিখেছিলাম। আমার ধারণা ছিল, তার সামনে আমি দারুণ ডান্স করলে তিনি মুগ্ধ হয়ে যাবেন। অবশেষে বাবা আমাকে তার শুটিংয়ে নিয়ে দেখা করিয়ে দেন। তবে নাচতে হয়নি আমাকে।’

এক সময় হৃত্বিকের ফুট স্টেপের ভক্ত হলেও এখন ভিকির নাচের বড় ভক্ত ‘কৃষ’ তারকা। বেশ কয়েকটি ঐতিহাসিক ও অ্যাকশন সিনেমার পর এ বছর সঞ্জয় লিলা বানসালির রোমান্টিক ‘লাভ অ্যান্ড ওয়ার’ দিয়ে পর্দা মাতাবেন। রোমান্টিক এ সিনেমাটিতে আরও অভিনয় করবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।