বিয়ে করছেন আনুশকা শেঠি

দক্ষিণী সিনেমার অঙ্গনে আবারও বাজতে চলেছে বিয়ের শানাই। তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি ফের আলোচনায় উঠে এসেছেন৷ বিজয়-রাশমিকার পর এবার ৪৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলি’ তারকা আনুশকা শেঠি।
দীর্ঘদিন ধরে আনুশকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কবে বসছেন বিয়ের পিঁড়িতে, সে ব্যাপারে কোনো ধারণা ছিল না। এবার বিয়ের বিষয়ে পারিবারিকভাবেই বেশ আলোচনা চলছে। কবে হবে বিয়ে—জানার জন্য মুখিয়ে অনুরাগীরা।
ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে সাম্প্রতিক সময়ে যে কজনের বিয়ে নিয়ে সরগরম থাকে, আনুশকা তাদের অন্যতম। বিশেষ করে ‘বাহুবলি : দ্য বিগিনিং’-এর সাফল্যের পর থেকে তাকে নিয়ে ভক্তদের আগ্রহ প্রবল। সেখানে প্রভাসের সঙ্গে তার জুটিকে ঘিরে অনেক গুজব ছড়িয়েছিল। এমনকি চারদিকে চাউর হয়, তারা বিয়ে করছেন। 'বাহুবলি'তে অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনার চরিত্রে তাদের রসায়ন অন্যতম প্রিয় জুটিতে পরিণত করেছিল। ভক্তরাও তাদের বাস্তব জীবনে একসঙ্গে দেখার আশা করেছিলেন। তবে দুই অভিনেতাই এ বিষয়ে সবসময় চুপ থেকেছেন।
এবার শোনা যাচ্ছে, আনুশকা শেঠি নিজেই বিয়ে করার পরিকল্পনা করছেন। তবে চলচ্চিত্র জগতের কারও সঙ্গে তার নাম শোনা যাচ্ছে না।
ভারতীয় গণমাধ্যম নিউজবাংলার প্রতিবেদন সূত্রের খবর, তার সঙ্গে পরিবারের পরিচিত এক ব্যবসায়ীর নাম শোনা যাচ্ছে। এও বলা হচ্ছে যে, এ সম্ভাব্য সম্পর্কটি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে। এখন পর্যন্ত অভিনেত্রী বা পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এবং ব্যবসায়ীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।
প্রভাস-গুঞ্জন উড়িয়ে দিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে বিয়ের জন্য জোর আলোচনা চলছে দুই পরিবারের। সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত—একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষের উপস্থিতিতেই বিয়ে সারবেন এ যুগল।