logo

নারীপ্রধান সিনেমার প্রত্যাশা রানি মুখার্জির

নারীপ্রধান সিনেমার প্রত্যাশা রানি মুখার্জির

এক আপসহীন ও নির্ভীক পুলিশ অফিসার চরিত্র নিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে আসেন বলিউড কুইন রানি মুখার্জি। শিবানি শিবাজি রায়ের ভূমিকায় চমকপ্রদ অভিনয় করে তিনি সব মহলের প্রশংসায় ভাসছেন। নারীপ্রধান চরিত্র বরাবরই অবহেলিত হলেও মারদানি দিয়ে তিনি প্রমাণ করলেন, নারীরাও নায়ক হয়ে উঠতে পারে।

গত ৩০ জানুয়ারিতে রানি মুখার্জি অভিনীত ‘মারদানি ৩’ মুক্তি পায়। অনবদ্য এই কপ-সিরিজটি ভারতে ৬০ কোটি রুপি আয় করেছে। আর ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করে ৯০ কোটি। তৃতীয় কিস্তির এই সাফল্যের পর এটি হয়ে উঠেছে ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয় করা সিনেমা। পুলিশ প্রধান সিনেমাটির এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বলিউড অভিনেত্রী।

নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত অ্যাকশন-ড্রামা সিনেমাটি নিয়ে উৎফুল্ল রানি মুখার্জি। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শিবানি শিবাজি রায় চরিত্রটি কোনো নারী সংস্করণ হিসেবে তৈরি করা হয়নি। নারী হলেও শিবানিই আসল নায়ক—যার পরিচয় সততা, সাহস এবং সহমর্মিতার মিশেল।’ সূত্র: বলিউড লাইফ

বলিউড ইন্ডাস্ট্রিতে সব সময়ই নারী চরিত্রগুলো অবহেলিত। কালেভদ্রে দু-একটি চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়। আবার নারীপ্রধান চরিত্রে দর্শকের সেরকম আগ্রহও থাকে না। আর কপ-সিরিজে তো সেই আবেদন আরও কম। সিনেমার অঙ্গনে নারীকেন্দ্রিক চরিত্র বেশি প্রয়োজন বলেও রানি মুখার্জি মনে করেন। তিনি জানান, ‘আমার কাছে মারদানি ফ্র্যাঞ্চাইজির সাফল্য মানে ভারতীয় সিনেমায় নায়কের সংজ্ঞা আরও বিস্তৃত হওয়া। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের জন্য এমন সাফল্য জরুরি, যেখানে একজন নারীও গল্পের অগ্রভাগে থাকবে।’

মারদানি ফ্র্যাঞ্চাইজির তিনটি সিনেমাই ব্যবসাসফল হওয়ায় রানি মুখার্জির প্রত্যাশা বেড়ে গেছে। সাফল্যের এই ধারা বজায় রেখে আগামীতে নারীপ্রধান চরিত্রে আবারও আসবেন বলে জানান তিনি।