logo

জন্মদিনে আল্লু আর্জুনের ভয়ংকর চমক ‘রাকা’

জন্মদিনে আল্লু আর্জুনের ভয়ংকর চমক ‘রাকা’

জন্মদিনে ভয়ংকর রূপে হাজির হলেন দক্ষিণী সিনেমার মহাতারকা আল্লু আর্জুন। আগেই ঘোষণা করা হয়েছিল, পুষ্পা তারকার জন্মদিনেই সামনে আসবে নতুন সিনেমার নাম ৷ আর ৪৪তম জন্মদিনেই খুলে  গেল রহস্যের সেই দরজা ৷ অ্যাটলির পরিচালনায় আসন্ন সিনেমায় আল্লু আর্জুনের সঙ্গে পর্দা দাপিয়ে বেড়াবেন বলিউড তারকা দীপিকা পাডুকোনে।

আল্লু অর্জুনের জন্মদিনে নির্মাতারা ‘রাকা’র একটি আগাম টিজার পোস্টার প্রকাশ করেছেন। সান পিকচার্স প্রযোজিত এবং অ্যাটলি পরিচালিত এ সিনেমার আংশিক ঝলকে দেখা যায়, একটি অন্ধকার পটভূমি ভেদ করে ধারালো নখসহ একটি নেকড়ের মতো হাত বেরিয়ে আসছে, যা এক রুক্ষ ও অতিমানবীয় আবহের ইঙ্গিত দিচ্ছে।

পোস্টার প্রকাশের পর থেকেই অনুরাগী ও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। প্রিয় তারকাকে ভয়ংকর অবতারে পর্দায় দেখতে উন্মুখ সবাই। পুষ্পার পর কীভাবে তিনি পর্দায় হাজির হবেন—সে নিয়ে ছিল চর্চা। এবার তার নতুন হিংস্র লুক দেখে আগ্রহ আরও বেড়েছে। টাইটেল পোস্টারে উগ্র চেহারার আল্লু অর্জুনের একটি ক্লোজ-আপ শট রয়েছে, যা একটি লোমশ পশুর স্পষ্ট নখরযুক্ত থাবার আড়ালে আংশিকভাবে ঢাকা। আল্লু অর্জুনের তীক্ষ্ণ চোখ এবং ন্যাড়া মাথা তার চরিত্রটিকে ঘিরে একটি রহস্যময় আবহ তৈরি করেছে।

উন্মোচন করা টাইটেল পোস্টারে সিনেমাটির নাম রাখা হয়েছিল এএ২২এ৬। এখন সেই কোড নাম বদলে সিনেমার আসল নাম রাখা হয়েছে ‘রাকা’। আনুষ্ঠানিক পোস্টার শেয়ার করার সময় নির্মাতারা লিখেছেন, "#এএ২২এ৬ এখন #রাকা। সীমাহীন এক দর্শনের জন্য প্রস্তুত হন।’ পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই সেটি ২ লাখ ৫২ হাজারের বেশি লাইক এবং ৮ হাজারের বেশি মন্তব্য পেয়েছে।

আল্লু-দীপিকার ‘রাকা’ ২০২৭ সালে মুক্তি পাবে বলে আশা করছেন নির্মাতারা। সান পিকচার্সের ব্যানারে সিনেমাটির প্রযোজনা করেছেন কালানিথি মারান এবং এর সংগীত পরিচালনা করবেন সাই অভয়ঙ্কর।