‘আওয়ারাপন’ সিনেমার ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শ্রেয়া

২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সূরি পরিচালিত ইমরান হাশমি, শ্রেয়া সরণ ও মৃণালিনী শর্মা অভিনীত সিনেমা ‘আওয়ারাপন’। মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকের কাছে সিনেমাটি জনপ্রিয়তা পায়। প্রায় দুই দশক পর এবার মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। এই আবহে প্রথম সিনেমাটির প্রাথমিক ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রেয়া সরণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, ‘আওয়ারাপন’ নিয়ে তাদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু মুক্তির পর বক্স অফিসের ফলাফল তাদের হতাশ করেছিল। এমনকি সিনেমাটি কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হলেও কিছু অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান অভিনেত্রী।
শ্রেয়ার ভাষায়, ‘মুক্তির সময়ে ছবিটি নিয়ে আমরা সবাই অনেক আশা করেছিলাম। কিন্তু কেন যে সাফল্য পেলাম না, জানি না! আমার মনে হয়, ছবিটি সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল। কয়েকটি পুরস্কারের জন্য ছবিটি মনোনীত হলেও সেখানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি।’
দর্শক সিনেমাটিকে ভালোবাসবেন এমনটাই ভেবেছিলেন শ্রেয়া। কিন্তু প্রত্যাশিত সাড়া না পাওয়ায় তিনি ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম, এই ছবিকে মানুষ উদ্যাপন করবেন, ভালোবাসবেন। যখন এসব কিছুই ঘটে না, তখন স্বাভাবিকভাবেই খুব হতাশ হয়ে পড়ি।’
তবে সময় গড়ানোর সঙ্গে ‘আওয়ারাপন’-এর প্রতি দর্শকের ভালোবাসা বাড়তে থাকে। বছরের পর বছর দর্শক তাকে সিনেমাটির কথা বলেছেন এবং জানিয়েছেন, ছবিটি তাদের কতটা পছন্দের। প্রথম দিকে শ্রিয়ার ধারণা ছিল, সিনেমাটির গান ও ইমরান হাশমির অভিনয়ের কারণেই দর্শকের কাছে এটি জনপ্রিয় হয়েছে।
পরে অবশ্য তার সেই ধারণা বদলে যায়। শ্রেয়া বলেন, ‘অনেক দিন পর্যন্ত আমার মনে হতো, হয়তো ছবির গানগুলোর জন্যই মানুষ এত ভালোবাসেন। গানগুলো অসাধারণ ছিল। সেই সঙ্গে ইমরানও দুর্দান্ত ছিলেন। কিন্তু এখন মনে হয়, মানুষ আসলে গল্পটাকে ভালোবেসেছিলেন। তারা গল্পটাকে অনুভব করতে পেরেছিলেন। গল্পটা ভীষণ গভীর। মানুষ সেটাকে সত্যিই অনুভব করেছিলেন।’
শ্রেয়ার মতে, মুক্তির এত বছর পরও ‘আওয়ারাপন’ নিয়ে দর্শকের যে ভালোবাসা, সেটিই প্রমাণ করে সিনেমাটির গল্প তাদের মনে জায়গা করে নিয়েছিল।
রোমান্টিক অ্যাকশন-ড্রামা ঘরানার ‘আওয়ারাপন’-এর গানও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘মাহিয়া’-র মতো গান এখনও শ্রোতাদের কাছে পরিচিত।
এদিকে সেই সিনেমার আবহ ও চরিত্রকে কেন্দ্র করে নতুন গল্প নিয়ে আসছে ‘আওয়ারাপন ২’। নিতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে আবারও ইমরান হাশমিকে দেখা যাবে। তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


