পর্দায় ফিরছে সালমানের ‘তেরে নাম’, নস্টালজিয়ায় ভক্তরা

ব্যথা, উন্মাদনা আর ভগ্ন হৃদয়ের প্রেমকাহিনি নতুন করে অনুভব করতে যাচ্ছেন সিনেপ্রেমীরা। সেই প্রথম যখন সালমান খানের ‘তেরে নাম’ মুক্তি পায়, শোরগোল পড়ে যায় সিনেপাড়ায়। ২০০৩ সালের ক্ল্যাসিক রোমান্টিক ঘরানার সেই প্রেমকাহিনি পরিণত হয় ট্র্যাজিক কাহিনিতে। প্রথম দিকে বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও, তা ছিল মাঝারি মানের। তবে সময়ের সঙ্গে সঙ্গে ‘রাধে’ হয়ে ওঠে এক আইকনিক চরিত্রে।
একেবারে কাল্ট ক্ল্যাসিক বলতে যা বোঝায়, রাধে চরিত্রটি ছিল সেরকম। প্রায় দেড় যুগ আগের সেই আইকনিক চরিত্রে সালমান খানের অনবদ্য অভিনয় মুভি লাভারদের আলোড়িত করে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবারও প্রেক্ষাগৃহে ফিরছে সালমান খান ও ভূমিকা চাওলার সেই আইকনিক প্রেমকাহিনি ‘তেরে নাম’। এই ঘোষণার পরপরই নস্টালজিয়ায় ভুগছেন অনুরাগীরা; আবেগে ভাসছেন। ট্র্যাজিক রাধে চরিত্রটি এখন পর্যন্ত সালমানের ক্যারিয়ারসেরা অভিনয়গুলোর অন্যতম। ছবির হৃদয়ছোঁয়া গল্প ও গান—বিশেষ করে তার চুলের স্টাইলও অনুকরণীয় হয়ে ওঠে। মোদ্দাকথা সালমান খানের জনপ্রিয় তুঙ্গে রাখতে ‘তেরে নাম’ বড় ভূমিকা রেখেছে।
আবারও বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘তেরে নাম’—ঘোষণাটি শোনার পরপরই বলিউড ভাইজানের ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। আবেগে গা ভাসাচ্ছেন অনেকে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দিচ্ছেন আবেগঘন পোস্ট। অনেকেই সেই পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন।
কেউ লিখেছেন, ‘২৩ বছর পর আবার ফিরে আসছে রাধের গল্প। এক তরুণের ভগ্ন হৃদয়ের প্রেমকাহিনি নতুন করে অনুভব করার সময় এসেছে।’
আরেক ভক্ত লেখেন, ‘দুই দশক পর বড় পর্দায় আবার ‘তেরে নাম’। রাধে ভাইয়ার রাজত্ব ফিরছে।’
বেশ কিছু দিন ধরেই সালমান খান ‘তেরে নাম ২’-এর সম্ভাবনার কথাও জানিয়ে আসছিলেন। এ ব্যাপারে পরিচালক সতীশ কৌশিকের সঙ্গে তার আলোচনাও চলছিল বলে জানান। তবে সতীশের অকালপ্রয়াণে সেই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। তাই সিদ্ধান্ত হয়, সেই রাধেই আবার পর্দায় আসবে নতুন করে। ওই সময় ১২ কোটি রুপি বাজেটে নির্মিত ‘তেরে নাম’ বিশ্বজুড়ে আয় করেছিল ২৫ কোটি। অবশ্য বক্স অফিসের এই হিসাব, সিনেমাটির জনপ্রিয়তার আসল চিত্র তুলে ধরে না। লম্বা সময় ধরে জনপ্রিয় ছিল সেটি। সেই সাফল্যের কথা মাথায় রেখেই ছবিটি বড় পর্দায় পুনর্মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বক্স অফিসে কী ফল করে, সেদিকেই তাকিয়ে ইন্ডাস্ট্রি।