‘যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে’

জন্মদিন উপলক্ষে ভক্তদের নতুন চমক দিলেন চিত্রনায়ক শরিফুল রাজ। প্রকাশ করা হয়েছে তার পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘লিম্বো’র পোস্টার। তানিম রহমান অংশুর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার মাধ্যমে ২০১৯ সালের ‘ন ডরাই’-এর পর আবারও একসঙ্গে ফিরছেন রাজ ও অংশু।
মহাকাশের প্রেক্ষাপটে আবর্তিত এই সিনেমার মূল কেন্দ্রে থাকবে প্রেম। বলিউডের ‘লাপাতা লেডিস’খ্যাত ভারতীয় গল্পকার ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন। নির্মাতার মতে, বাংলাদেশের চলচ্চিত্রে মহাকাশ নিয়ে এমন কাজ আগে হয়নি, তাই ভিজ্যুয়াল ইফেক্টসে দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দিতে চান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।’ অন্যদিকে, রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নির্মাতা অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে, চল!’’
এর আগে গত ১৬ জুন মেহেদি রাঙানো দুটি হাতের একটি প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন অংশু। ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা শরিফুল রাজের এই নতুন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এখন। দেশ ও দেশের বাইরে শুটিং শেষে ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য রয়েছে নির্মাতার
