কঙ্গনাকে তোপ দাগালেন প্রকাশ রাজ

সংগীতভুবনের কিংবদন্তি এ আর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বলিউড কুইন কঙ্গনা রানাউতকে ধুয়ে দিলেন অভিনেতা প্রকাশ রাজ।
কেরল সাহিত্য উৎসবে জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ নিজের ক্ষোভ প্রকাশ করেন। দক্ষিণী ও বলিপাড়ায় নিজের অভিনয় ছাড়াও বিভিন্ন সময় রাজনৈতিক মতামত ও গঠনমূলক মন্তব্যের জন্য সুনাম রয়েছে প্রকাশ রাজের। অনুষ্ঠানে একপর্যায়ে তার আলোচনায় উঠে আসে সংগীতশিল্পী এ আর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কথা। একই সঙ্গে উঠে আসে কঙ্গনা রানাউতের নামও। এ সময় ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটলের জন্য উষ্মা প্রকাশ করেন তিনি।
ওই অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে প্রকাশ রাজ টানেন কঙ্গনা রানাউত প্রসঙ্গ। তার দাবি, এমার্জেন্সিতে কাজ না করাতেই রহমানকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আক্রমণ করেছে কঙ্গনা। প্রকাশ রাজ রাগান্বিত হয়ে বলেন, এই উন্মাদনার ‘ঘেউ ঘেউ’ শুরু হওয়াটা দেখুন। একজন নারী পরিচালক-অভিনেত্রী, শুধু তার ছবিতে কাজ না করার জন্য একজন শিল্পীকে দেশদ্রোহী বলছেন! প্রকাশ রাজ অভিযোগ, কঙ্গনার সিনেমায় কাজ না করায় এই আক্রমণাত্মক ভাষা ও রাজনীতিক তকমা। সূত্র: হিন্দুস্তান টাইমস।
প্রকাশ রাজ প্রশ্ন তোলেন—রহমানকে ঘিরে যে সমালোচনা চলছে, তা কোন দিকে যাচ্ছে। এই গুণী অভিনেতা বলেন, এ আর রহমানের ‘মা তুঝে সালাম’, ‘জয় হো’ যখন অস্কারে যায় তখন সবাই উল্লাসে মেতেছিল। আর এখন তাকে বানানো হচ্ছে ভিলেন। এ আর রহমান তো শুধু বলেছেন, কাজ পাওয়ার জন্য ভিক্ষা করেননি। আর তিনি যা বলেছেন সেটাই সত্যি।
এক সাক্ষাৎকারে রহমান ‘ছাবা’ ছবিটিকে সাম্প্রদায়িক বিভাজনমূলক বলে মন্তব্য করেছিলেন। সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে কঙ্গনা ইনস্টাগ্রাম রহমানকে ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ’ মানুষ বলে আক্রমণাত্মক কথা বলেন।
পরিস্থিতি যখন তুমুল আকার ধারণ করছিল তখনই এ আর রহমান এক ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ভারত এবং সংগীতের প্রতি তার ভালোবাসা প্রশ্নাতীত। কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তার ছিল না।