logo

মা হারালেন অভিনেত্রী মডেল জেরিন খান

মা হারালেন অভিনেত্রী মডেল জেরিন খান

বলিউডে আবারও এলো শোকের খবর। দীর্ঘদিনের রোগভোগের পর বলিউড অভিনেত্রী ও মডেল জেরিন খানের মা পারভিন খান মারা গেছেন। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে জেরিন খানের টিম। ৬৫ বছর বয়সে মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা।

‘মাল্টি অর্গান ফেইলিউরে’ অভিনেত্রীর মায়ের মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিনের শারীরিক জটিলতার কারণে ধীরে ধীরে অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন পারভিন খান।

গত বছরের অক্টোবরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও এ বছরের শুরু থেকেই আবার অসুস্থ হয়ে পড়েন এবং আইসিইউতে রাখা হয়।

জেরিন খানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারভিন খানের দাফনকার্য বুধবার সকালে সম্পন্ন হবে। খবর: ইন্ডিয়া টুডে

বুধবার (৮ এপ্রিল) একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেরিন খান ও সানা খানের মা, আমাদের প্রিয় শ্রীমতি পারভিন খান, ৮ এপ্রিল (বুধবার) তারিখে শান্তিতে পরলোকগমন করেছেন।’

জেরিন খান সোশ্যাল মিডিয়ায় নিয়মিতভাবে তার মায়ের স্বাস্থ্যের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করছিলেন। জেরিন সব সময় তার মায়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে ভক্তদের অনুরোধ করছিলেন। গত ফেব্রুয়ারিতে পারভিন খান হাসপাতালে ভর্তি হন। সে সময় অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন, ‘মা আবার হাসপাতালে ভর্তি... দয়া করে তাকে আপনাদের দোয়ায় রাখবেন!’

৩৮ বছর বয়সী জেরিনের সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল বেশ গভীর। ২০১৬ সালে পারভিন খানের হার্ট সার্জারি হয়েছিল। সেই সময় মায়ের পাশে থাকার জন্য কাজ থেকেও বিরতি নিয়েছিলেন জেরিন। ব্যক্তিগত জীবনের নানা সুখ-দুঃখে মায়ের সঙ্গেই সবচেয়ে বেশি ভাগাভাগি করতেন তিনি।