ওটিটিতে আসছে চঞ্চলের ‘পদাতিক’

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও চলচ্চিত্রযাত্রা নিয়ে নির্মিত সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’ এবার আসছে ওটিটিতে। ২০২৪ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই বছর পর আগামী ২৮ আগস্ট, শুক্রবার, বাংলা জি ফাইভে প্রিমিয়ার হবে সিনেমাটি। জি ফাইভের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং ওয়ার্ল্ড’ এ তথ্য জানিয়েছে।
‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। মৃণাল সেনের জীবনের বিভিন্ন পর্যায়, চলচ্চিত্র নির্মাণের পথচলা এবং ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রে তার গুরুত্বপূর্ণ অবদানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। পাশাপাশি খ্যাতিমান নির্মাতার আড়ালে থাকা ব্যক্তিমানুষটির জীবনও উঠে এসেছে এতে।
মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। কিশোর বয়সের মৃণাল সেনের চরিত্রে দেখা গেছে কোরক সামন্তকে। মৃণাল ও গীতা সেনের একমাত্র সন্তান কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।
সিনেমাটি চঞ্চল চৌধুরীর কাছেও বিশেষ একটি কাজ। ‘পদাতিক’-এর শুটিং শুরুর আগেই তার বাবা মারা যান। সেই শোক সামলে মৃণাল সেনের মতো একজন কিংবদন্তি চলচ্চিত্রকারের চরিত্র ধারণ করে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল তাকে। পরে এক সাক্ষাৎকারে চঞ্চল জানান, সিনেমাটি দেখলেই তার বাবার কথা মনে পড়ে।
মৃণাল সেনের চরিত্রে অভিনয় নিয়ে চঞ্চল আগে বলেছিলেন, শুধু চেহারায় মিল তৈরি করাই তার কাছে বড় বিষয় ছিল না; বরং মৃণালের ব্যক্তিত্ব ও ভেতরের মানুষটিকে ধারণ করাই ছিল তার মূল চ্যালেঞ্জ। তার ভাষায়, চরিত্রটির সাফল্য নির্ভর করেছে সেই ‘ভেতরের মৃণাল সেন’কে ফুটিয়ে তোলার ওপর।
২০২৪ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পদাতিক’। একই সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানি করে একই দিনে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি।
চঞ্চল জানিয়েছেন, তখন কলকাতায় আর জি কর আন্দোলন এবং বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে দেশের প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের সামনে ‘পদাতিক’ দেখানোর সুযোগ তৈরি হয়নি।
পরবর্তী সময়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সীমিত পরিসরে বাংলাদেশি দর্শক সিনেমাটি দেখার সুযোগ পান। এর আগে ২০২৫ সালের মে মাসে জি বাংলায় সিনেমাটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের খবরও প্রকাশিত হয়েছিল।
এবার আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে ‘পদাতিক’-এর। তবে বাংলাদেশে জি ফাইভের সেবা সরাসরি চালু নেই। ২০২৩ সালের জানুয়ারিতে প্ল্যাটফর্মটি বাংলাদেশে তাদের স্ট্রিমিং সেবা বন্ধ করে দেয়। জি ফাইভের নিজস্ব তথ্যেও দেশভেদে সাবস্ক্রিপশন ও কনটেন্ট ব্যবহারের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান ব্রডকাস্টিং ওয়ার্ল্ড, জি ফাইভ


