ঈদে মুক্তি পেতে পারে বিজয়ের ‘জনা নায়াগান’

অবশেষে গেরো খোলার সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা ‘জনা নায়াগান’-এর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি শেষ সিনেমা নিয়েও গ্যাঁড়াকলে ছিলেন বিজয়। সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত মেলায় নতুন আশায় বুক বাঁধছেন নির্মাতারা। সব ঠিক থাকলে আসন্ন ঈদের সময় প্রেক্ষাগৃহে মুক্তির চূড়ান্ত পরিকল্পনা করছেন তারা।
গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়। মুক্তির আগে ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং দেখেই বোঝা যায়, বিজয়ের শেষ সিনেমা নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। এরপর ভিডিও ফাঁসের অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়েছে এইচ বিনোদ পরিচালিত সিনেমাটি। মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান’-এর বেশ কিছু দৃশ্য ও গান।
তামিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেন্সর ছাড়পত্রের ওপর নির্ভর করে ‘জানা নায়গান’ ৭ মে বা ১৪ মে মুক্তি পেতে পারে। যদিও সেই সম্ভাবনা কম। তবে দ্রুত ছাড়পত্র পাওয়া গেলে মে মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিসের আয় বিবেচনা ও কৌশলগত কারণে কোরবানির ঈদের সময়ই সিনেমাটি পর্দার আনার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। বাস্তব জীবনের সব সমস্যার মোকাবিলা করে পর্দার হিরো থালাপতি বিজয় শেষ সিনেমায় কেমন আলোড়ন তোলেন—সেটাই দেখার বিষয়।