logo

রাহুলের মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি

রাহুলের মৃত্যুর তদন্তে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি

শুটিংয়ের সময় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ গ্রহণের দাবি জানাল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লুএ)। মঙ্গলবার (৩১ মার্চ) মুখ্যমন্ত্রীর কাছে এই সংগঠনের তরফ থেকে লিখিত আকারে বেশ কিছু দাবি জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান অভিনেতা রাহুল। ঢেউয়ের তোড়ে নায়িকা শ্বেতাসহ পানিতে তলিয়ে যান ৪৩ বছর বয়সী অভিনেতা। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংগঠনটি জানিয়েছে, শুটিংয়ে থাকা অবস্থায় এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ তারা। ধারাবাহিকটির প্রযোজক, প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে এফআইআর দায়ের করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের প্রস্তাব ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।

রাহুলের পরিবারকে অবিলম্বে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া পাশাপাশি প্রযোজনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারির দাবিও ওঠে। রাহুলের মৃত্যুর পর থেকে টলিউডের অনেকেই নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আর্টিস্ট ফোরামের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেদের দাবিগুলো জানিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন। এবার মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলো।

এর আগে অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিকমাধ্যমে মুখ্যমন্ত্রী স্মৃতিচারণ করে লেখেন—‘কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।’ অভিনেতার মৃত্যুর খবর পেয়ে তিনি হতচকিত, মর্মাহত ও শোকাহত বলে জানিয়েছিলেন।

রাহুলের মৃত্যুর পর ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এর চিত্রনাট্যকার ও প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আপাতত শুটিং বন্ধ। কোনো সিদ্ধান্ত হয়নি। তেমন মানসিক অবস্থাও নেই কারও।’ জানা গেছে, মঙ্গলবার রাহুলের মৃত্যুর ঘটনায় ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।