এবার বিয়ে পিঁড়িতে বসবেন শ্রদ্ধা কাপুর

ভারতীয় সিনেমা অঙ্গনে যেন বসেছে বিয়ের ধুম। দক্ষিণী ইন্ডাস্ট্রির পর এবার বলিউডেও বাজছে বিয়ের সানাই। কিছুদিন আগে মহাধুমধামে বিয়ে করেছেন দক্ষিণের দুই সুপারস্টার রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এবার দীর্ঘ প্রেমের সফল সমাপ্তির পথে রয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিনের প্রেমপর্ব শেষে শিগগির চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কাপুর। খালা তেজস্বিনী কোলহাপুরি শ্রদ্ধা কাপুরের বিয়ের খবরে খুবই আনন্দিত।
এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিলেও জানা যায়, উদয়পুরে সাবেক ঢঙেই বিয়ের পরিকল্পনা করেছেন শ্রদ্ধা-রাহুল। অভিনেত্রীর বিয়ের খবরে সামাজিকমাধ্যমে ভক্তদের অনেকেই জীবনের নতুন অধ্যায়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
এর আগে বেশ কয়েকবার শ্রদ্ধার প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে থাকে। কখনও আদিত্য রায় কাপুর, কখনও পরিচালক ফারহান আখতারের সঙ্গে নাম জড়িয়েছে শক্তি কাপুর তনয়ার। এক সময় বিবাহিত ফারহানের সঙ্গে বিয়ের কথা অনেক দূর এগোলেও মত ছিল না বাবা শক্তি কাপুরের। সে কারণেই নাকি সম্পর্কে ইতি টানতে হয় শ্রদ্ধাকে। তবে রাহুলকে নিয়ে কোনো সমস্যা নেই বরেণ্য এই অভিনেতার।
শ্রদ্ধা কাপুর সর্বশেষ রাজকুমার রাওয়ের সঙ্গে ব্লকবাস্টার ‘স্ত্রী ২’ উপহার দেন। এ ছাড়া তিনি ‘জুটোপিয়া ২’-এর হিন্দি ভার্সনে জুডি হপসের কণ্ঠ দিয়েছেন। এ বছরে আসতে যাচ্ছে ‘পাহাড়পাঙ্গিরা’, সুপারন্যাচারাল ড্রামা ‘নাগিন’ এবং স্ত্রী-৩। এত ব্যস্ততার মধ্যেও তার বিয়ের গুঞ্জনে সরগরম বলিপাড়া।