logo

‘বর্তমান অস্থির সময়ের প্রেক্ষাপটে গানটি তৈরি হয়েছে’

‘বর্তমান অস্থির সময়ের প্রেক্ষাপটে গানটি তৈরি হয়েছে’

ইমতিয়াজ আলির আসন্ন সিনেমা মে বাপাস আউঙ্গার প্রথম গান প্রকাশ পেয়েছে। ‘ক্যা কামাল হ্যায়’ শিরোনামের গানটি ইতোমধ্যেই শ্রোতাদের দৃষ্টি কেড়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, সুর করেছেন এ আর রহমান এবং গানটি লিখেছেন ইরশাদ কামিল। এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন ‘অমর সিং চামকিলা’ সিনেমা। খবর: বলিউড হাঙ্গামা

চলচ্চিত্রে সংগীতনির্ভর গল্প বলার জন্য পরিচিত ইমতিয়াজ আলী জানান, বর্তমান অস্থির সময়ের প্রেক্ষাপটে গানটি নির্মিত হয়েছে। নির্মাতা বলেন, ‘বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অশান্তির মাঝে এই গান মানুষের মধ্যে আশা জাগাতে ভূমিকা রাখবে। এ ছাড়া ১৯৪৭ সালের দেশভাগের সময়ের মতোই বর্তমান পরিস্থিতিও কষ্টের হলেও ভালোবাসার গল্পে ভরপুর। এই বিষয়গুলো মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে।’

গানটি নিয়ে দিলজিৎ দোসাঞ্জ বলেন, ‘এটি আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। গানটির সাদামাটা অথচ গভীর অনুভূতি শ্রোতাদের ভাবতে বাধ্য করবে বলে মনে করি। একইসঙ্গে ইমতিয়াজ আলী, এ. আর. রহমান এবং ইরশাদ কামিলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না।’

সিনেমায় দিলজিৎ দোসাঞ্জ ছাড়াও এতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না এবং শারভারি ওয়াঘ।