logo

৮ কোটি টাকার ফেরারি হাঁকালেন রণবীর সিং

৮ কোটি টাকার ফেরারি হাঁকালেন রণবীর সিং
নতুন ফেরারি নিয়ে মুম্বাইয়ের রাস্তা দাপিয়ে বেড়ালেন রণবীর সিং। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ‘ডন ৩’ নিয়ে ব্যাপক বিতর্ক ও জটিলতার মুখোমুখি হতে হয় বলিউড সুপারস্টার রণবীর সিংকে। আবারও সংবাদের শিরোনামে উঠে এলেন ‘ধুরন্ধর’ তারকা। তবে এবার কোনো সিনেমার জন্য নয়। মুম্বাইয়ের রাস্তায় তার নতুন বিলাসবহুল গাড়ি চালানো নিয়ে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। সোমবার বিকেলে মুম্বাইয়ের রাস্তায় নতুন একটি চকচকে কালো রঙের ফেরারি গাড়ি নিয়ে রাইডে বের হন তিনি। স্টিয়ারিং হাতে অভিনেতাকে দেখা মাত্রই ভক্তদের ক্যামেরাবন্দি করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।রণবীরের নতুন এ গাড়িটি মূলত ‘ফেরারি ২৯৬ জিটিবি’ মডেলের, যার আনুমানিক বাজারমূল্য টাকার হিসাবে প্রায় ৮ কোটি ২৪ লাখ। রণবীরের গ্যারেজে থাকা আগের দামি গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম সেরা ও ব্যয়বহুল সংযোজন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকেই রসিকতা করে বলছেন, এই গাড়ির দাম মুম্বাইয়ের বেশ কয়েকটি বিলাসবহুল ফ্ল্যাটের চেয়েও বেশি! সূত্র: এনডিটিভি

বলিউড তারকার গাড়ি কেনার এই জমকালো খবরটি এমন এক সময়ে সামনে এলো, যখন রণবীরকে নিয়ে ‘ডন ৩’ সিনেমার বিতর্ক তুঙ্গে। বড় বাজেটের এই সিনেমা থেকে শেষ মুহূর্তে রণবীর সরে দাঁড়ানোয় প্রযোজক ফারহান আখতারের প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এর জেরে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র নির্দেশ জারি করেছিল। যদিও রণবীর আইনি নোটিশ পাঠানোর পর তা প্রত্যাহার করা হয়। রণবীর নিজে সরাসরি মুখ না খুললেও তার মুখপাত্র জানিয়েছেন, তিনি বর্তমানে ‘পরিমিত নীরবতা’ বজায় রাখছেন।

বিষয়টি এখন ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন খতিয়ে দেখছে। সংস্থাটির সভাপতি অভয় সিনহা জানান, চুক্তিপত্র ও ৪৫ কোটির খরচের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হবে।

সাম্প্রতিক সময়ে বলিউডসহ বিশ্বব্যাপী ঝড় তোলা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে দুর্ধর্ষ অভিনয় করতে দেখা গেছে রণবীর সিংকে। ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা ভারতীয় সব রেকর্ড ভেঙে ৩ হাজার কোটি রুপি বক্স অফিস থেকে তুলে নেয়।